News
মক্কা প্যাক্ট বিশ্ব মুসলিম সমাজের আত্মরক্ষার ব্যবস্থা: সংসদে পররাষ্ট্রমন্ত্রী

মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি (মক্কা প্যাক্ট) বিশ্ব মুসলিম সমাজের একটি আত্মরক্ষার ব্যবস্থা বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে সংসদ সদস্য রুমিন ফারহানার প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত তারকা চিহ্নিত প্রশ্নে রুমিন ফারহানা বলেন,“সৌদি আরব, তুর্কি এবং পাকিস্তান মিলে মক্কা প্যাক্ট ৭ আগস্ট ২০২৬ সাইন হয়েছে। এখানে বাংলাদেশের সুবিধাটা কি হবে? এই প্যাক্টে যুক্ত হলে বা বাংলাদেশ এ থেকে কি পেতে যাচ্ছে?”
প্রশ্নে জবাবে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেন,“মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি তিনটি দেশের ভেতরে হয়েছে। আমরা এই প্যাক্টটিকে ইতিবাচক হিসেবে দেখছি। এতে যোগদান বা যোগদান করার বিষয়টি এখনো আসেনি। কারণ এটা নির্ভর করছে যারা প্যাক্টের সদস্যদের অভিপ্রায়ের উপর। তারা যদি অভিপ্রায় প্রকাশ করেন বাংলাদেশকে এই প্যাক্টটা নেবার জন্য তাহলে আমরা নিশ্চয়ই সেটা ইতিবাচকভাবে বিবেচনা করবো।
তিনি আরও বলেন,“বিশ্ব মুসলিম সমাজের আত্মরক্ষার একটি ব্যবস্থা মক্কা প্যাক্ট। এটা আমাদের মুসলিম পরিবারের আভ্যন্তরীণ বিষয়। সুতরাং এই নিয়ে অন্যান্যদের উদ্বেগের কোন অবকাশ নেই।”
source: The Dhaka Diary