News

সিএনজিতে যাত্রীবেশে ইয়াবা পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার

রাজধানীর তুরাগে সিএনজি যাত্রী নাঈমুল ইসলামের (২৪) হাতে থাকা কালো স্কুল ব্যাগ থেকে ২ হাজার ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। সেই সঙ্গে তাকেও গ্রেপ্তার করা হয়েছে।

তুরাগের ধউর পুলিশে বক্সের সামনের চেকপোস্ট থেকে শনিবার (২৯ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার নাঈমুল ইসলাম কুষ্টিয়ার মিরপুর থানার মোশারফপুর এলাকার বজলুর রহমান ও মিনারা খাতুনের ছেলে।

এ বিষয়ে ডিএমপির তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান এশিয়া পোস্টকে বলেন, শনিবার রাত সাড়ে ৯টার দিকে তুরাগ থানাধীন ধউর পুলিশ বক্সের সামনে পাকা সড়কে নিয়মিত তল্লাশিচৌকি পরিচালনা করছিল পুলিশ। এ সময় একটি সবুজ রঙের সিএনজি অটোরিকশাকে থামার সংকেত দেওয়া হয়। সিএনজিতে তল্লাশি চালানোর সময় যাত্রী আসনে বসা নাঈমুল ইসলামের হাতে থাকা কালো রঙের স্কুলব্যাগে সন্দেহজনক বস্তু পাওয়া যায়।

পরে উপস্থিত সাক্ষীদের সামনে ব্যাগটি খুলে ১২টি নীল রঙের পলিথিনে মোড়ানো ইয়াবা উদ্ধার করা হয়। প্রতিটি পলিথিনে ২০০টি করে মোট ২ হাজার ৪০০ পিস ইয়াবা ছিল। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৭ লাখ ২০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

ওসি মোস্তাফিজ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাঈমুল দীর্ঘদিন ধরে তুরাগ থানাসহ ডিএমপির বিভিন্ন এলাকায় অবৈধ মাদক কেনাবেচার সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। তার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলছে।

নাঈমুল দীর্ঘদিন ধরে তুরাগ থানাসহ ঢাকা মহানগর পুলিশের বিভিন্ন এলাকায় অবৈধ মাদক কেনাবেচার সঙ্গে জড়িত।

source: Asia Post

Leave a Reply

Back to top button