মানবাধিকার কমিশন বিল নিয়ে স্থায়ী কমিটির বৈঠক বর্জন বিরোধী দলীয় সদস্যদের

পর্যাপ্ত সময় ও মতামত দেওয়ার সুযোগ না দিয়ে তড়িঘড়ি করে জাতীয় মানবাধিকার কমিশন বিল পাসের উদ্যোগ নেওয়ার প্রতিবাদে আইন, বিচার ও সংসদ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক বর্জন করেছেন বিরোধী দলীয় সদস্যরা।
রোববার দুপুরে জাতীয় সংসদ ভবনে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান বিরোধী দলীয় মুখপাত্র ও জামায়াতে ইসলামীর এমপি ব্যারিস্টার মোহাম্মদ নাজিবুর রহমান মোমেন।
তিনি বলেন, ‘এই বিল সম্পর্কে মতামত দেওয়ার জন্য মাত্র দুই দিন সময় দিয়ে কমিটিকে রাবার স্ট্যাম্পে পরিণত করা হয়েছে। এটা সংসদীয় ফ্যাসিজম। এজন্য এই বিল পাসের কোনো প্রক্রিয়ার সঙ্গে আমরা থাকতে চাই না। এর আগে আমরা গত বৃহস্পতিবার এই বিল উপস্থাপনের সময় ওয়াকআউট করেছি।’
এই বিল নিয়ে সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক বর্জনের কারণ প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘যেহেতু সরকার ভুক্তভোগী জনগণ, অংশীজন এবং দেশি-বিদেশি মানবাধিকার সংস্থাসমূহের মতামত উপেক্ষা করে একতরফাভাবে জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ, ২০২৫ রহিত করেছে;
‘যেহেতু অধ্যাদেশটি বাতিলের সময় সরকার আরও শক্তিশালী ও কার্যকর আইন প্রণয়নের প্রতিশ্রুতি দিয়েছিল; কিন্তু বাস্তবে তার চেয়ে দুর্বল ও সীমিত পরিসরের একটি বিল সংসদে উপস্থাপন করা হয়েছে; যেহেতু প্রস্তাবিত বিলটি জাতীয় মানবাধিকার প্রতিষ্ঠানসমূহের বৈশ্বিক জোট (GANHRI)-এর স্বীকৃত মানদণ্ড, প্যারিস প্রিন্সিপলস এবং প্রাসঙ্গিক আন্তর্জাতিক কনভেনশন ও ঘোষণাসমূহের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়; যেহেতু আইন, বিচার ও সংসদ বিষয়ক স্থায়ী কমিটিকে মাত্র দুই কার্যদিবসের মধ্যে প্রতিবেদন প্রদানের নির্দেশ দিয়ে অংশীজনদের সঙ্গে যথাযথ মতবিনিময় এবং স্বাধীনভাবে বিলটি পর্যালোচনা ও সিদ্ধান্ত গ্রহণের সুযোগ কার্যত সীমিত করা হয়েছে; ফলে কমিটিকে একটি “রাবার স্ট্যাম্পে” পরিণত করার পরিস্থিতি সৃষ্টি হয়েছে; সেহেতু আমরা, কমিটির বিরোধী দলীয় সদস্যরা, এই বিলের কোনো আলোচনা বা পর্যালোচনায় অংশ না নেওয়া এবং বিলটি পাসের প্রক্রিয়ার কোনো পর্যায়েই অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছি। একই সঙ্গে বৈঠকে আর অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’
কমিটিতে বিরোধী দলীয় সদস্য হিসেবে মোহাম্মদ নাজিবুর রহমান মোমেন ছাড়াও রয়েছেন আল ফারুক আব্দুল লতিফ ও আখতার হোসেন।
এসআর
source: Daily Amar Desh