News

জাবিতে ছাত্রশক্তির ‘সন্ত্রাস ও ফ্যাসিবাদ প্রতিরোধ মিছিল’, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি

সারাদেশে অগ্নিসন্ত্রাস, ককটেল বিস্ফোরণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং জাতীয় ছাত্রশক্তি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হাসিব আল ইসলামের ওপর অতর্কিত হামলার প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ‘সন্ত্রাস ও ফ্যাসিবাদ প্রতিরোধ মিছিল’ করেছে জাতীয় ছাত্রশক্তি। সমাবেশে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের পদত্যাগের দাবি করা হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকা থেকে মিছিলটি বের হয়। পরে মিছিলটি নতুন প্রশাসনিক ভবন ও কেন্দ্রীয় শহীদ মিনার প্রদক্ষিণ করে পুনরায় বটতলায় এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে জাবি সংসদের সাংগঠনিক সম্পাদক রিয়াজুল ইসলামের সঞ্চালনায় কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয় শাখার নেতারা বক্তব্য দেন।

জাবি সংসদের সাধারণ সম্পাদক নাদিয়া রহমান অণ্বেষা বলেন, জুলাই অভ্যুত্থান-পরবর্তী দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি থেকেও নির্বাচিত সরকারের আমলে আরো চরম অবনতির দিকে যাচ্ছে। অপরাধীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নিয়ে উল্টো সরকারের মদদে আওয়ামী লীগকে পুনর্বাসনের অপচেষ্টা চালানো হচ্ছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের সমালোচনা করে তিনি বলেন, ক্যাম্পাসের প্রধান ফটকে ছাত্রলীগের সন্ত্রাসীদের তালা দেওয়ার ঘটনায় প্রশাসন কোনো আইনি পদক্ষেপ নিতে পারছে না, এমনকি সাংবাদিকদের সিসিটিভি ফুটেজ সরবরাহেও অসহযোগিতা করছে।

বামপন্থীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, প্রক্টর ও রেজিস্টার ভবন ঘেরাও বা প্রশাসনিক তদারকির বদলে কতিপয় গোষ্ঠী কেবল সুবিধাজনক বয়ান তৈরিতে ব্যস্ত। অবিলম্বে জড়িতদের গ্রেপ্তার ও বিচার করা না হলে ছাত্রশক্তি প্রশাসনকে জবাবদিহিতার মুখোমুখি দাঁড় করাবে।

জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি আহসান লাবিব বলেন, সারাদেশে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসন্ত্রাসে সাধারণ মানুষ প্রাণ হারাচ্ছে, শিক্ষার্থীরা আহত হচ্ছে; অথচ স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে দাঁড়িয়ে দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করছেন। তিনি সীমান্ত নিরাপত্তা নিশ্চিতে ব্যর্থ হয়েছেন এবং পুলিশ প্রশাসনকে অকার্যকর করে রেখেছেন।

তিনি আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রশক্তি সভাপতি হাসিব আল ইসলামের ওপর হামলাকারীদের এখনো গ্রেপ্তার করা হয়নি। দেশের মানুষের জানমালের নিরাপত্তা দিতে ব্যর্থ হলে স্বরাষ্ট্রমন্ত্রীকে অনতিবিলম্বে পদত্যাগ করতে হবে। ফ্যাসিবাদের দোসরদের পুনর্বাসনের যেকোনো চক্রান্ত রাজপথে রুখে দেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি।

এমআই/বার্তা বাজার

source: Barta Bazar

Leave a Reply

Back to top button