প্রাথমিক শিক্ষায় প্রযুক্তির রূপান্তর নিয়ে ইউনিসেফের সঙ্গে ববি হাজ্জাজের বৈঠক

নিউইয়র্কের জাতিসংঘ সদর দপ্তরে ইউনিসেফের গ্লোবাল এডুকেশন ডাইরেক্টর পিয়া রেবেলো ব্রিট্টোর সঙ্গে বৈঠক করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) নিউইয়র্কের ইউনাইটেড নেশনস প্লাজায় অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় প্রযুক্তির রূপান্তর, আধুনিকায়ন ও গুণগত মানোন্নয়ন নিয়ে আলোচনা করেন তিনি।
বৈঠকে শিক্ষায় এডুকেশন টেকনোলজির কার্যকর ব্যবহার, প্রাথমিক শিক্ষার্থীদের ইংরেজি ভাষায় দক্ষতা বৃদ্ধি, শিক্ষা ব্যবস্থায় প্রযুক্তির আরও কার্যকর সংযুক্তি এবং অন্তর্ভুক্তিমূলক শিক্ষা নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়েও আলোচনা করেন তিনি।
প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, প্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থার মাধ্যমে দেশের প্রাথমিক শিক্ষার্থীদের শেখার সুযোগ আরও সম্প্রসারিত করা সম্ভব। বিশেষ করে ডিজিটাল প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক বিভিন্ন শিক্ষা-উপকরণের কার্যকর ব্যবহার শিক্ষার্থীদের ভাষা ও অন্যান্য মৌলিক দক্ষতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
বৈঠকে বাংলাদেশের শিক্ষা খাতে গুগলসহ আন্তর্জাতিক প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর প্রযুক্তিগত সহযোগিতা ও সংযুক্তির সম্ভাবনা নিয়েও আলোচনা হয়। প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে কীভাবে শিক্ষার্থীদের শেখার ফলাফল উন্নত করা যায় এবং শিক্ষক ও শিক্ষা প্রশাসনের সক্ষমতা বাড়ানো যায়, সে বিষয়ে মতবিনিময় করেন তারা।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়- বাংলাদেশের প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে এডটেক ও ডিজিটাল প্রযুক্তির ব্যবহার, শিক্ষার্থীদের ইংরেজি দক্ষতা বৃদ্ধি, গুগলসহ আন্তর্জাতিক প্রযুক্তি প্রতিষ্ঠানের সঙ্গে শিক্ষা খাতের সংযোগ এবং প্রতিবন্ধী শিশুদের জন্য অন্তর্ভুক্তিমূলক শিক্ষা নিশ্চিত করতে সহযোগিতার প্রতিশ্রুতি দেয় ইউনিসেফ। বৈঠকে পিয়া রেবেলো ব্রিট্টো বাংলাদেশের উদ্যোগের সঙ্গে কাজ করার পাশাপাশি প্রয়োজনীয় কারিগরি সহায়তা ও আন্তর্জাতিক অংশীদারিত্ব গড়ে তোলার আশ্বাস দেন।
source: Asia Post