News

ঢাকায় কাল শুরু হচ্ছে ‘বে অব বেঙ্গল কনভারসেশন’

রাজধানীতে আগামীকাল শনিবার (৩ অক্টোবর) শুরু হচ্ছে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত আন্তর্জাতিক সম্মেলন ‘বে অব বেঙ্গল কনভারসেশন (বিওবিসি) ২০২৬’। তিন দিনব্যাপী এ সম্মেলন পঞ্চমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে। দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ভূরাজনৈতিক আন্তর্জাতিক সম্মেলন হিসেবে বিওবিসি ইতোমধ্যে আঞ্চলিক কূটনীতিতে একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।

আগামী ৩ থেকে ৫ অক্টোবর রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এই সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে বিশ্বের শতাধিক দেশের দুই শতাধিক আলোচক, তিন শতাধিক ডেলিগেট এবং এক হাজারের বেশি অংশগ্রহণকারী যোগ দেবেন।

এবারের উদ্বোধনী অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অতিথিদের তালিকায় থাকছেন বিভিন্ন দেশের সাবেক ও বর্তমান রাষ্ট্রপ্রধান, মন্ত্রী, কূটনীতিক, সামরিক বিশেষজ্ঞ, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, গবেষক, ব্যবসায়ী ও বিনিয়োগকারী, সাংবাদিক, মানবাধিকারকর্মী, প্রযুক্তি বিশেষজ্ঞ এবং আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা।

শুক্রবার সকালে প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সিজিএসের প্রেসিডেন্ট জিল্লুর রহমান আনুষ্ঠানিকভাবে সম্মেলনের বিষয়বস্তু তুলে ধরেন।

সম্মেলনের পাঁচটি মূল স্তম্ভ তুলে ধরে জিল্লুর রহমান বলেন, ‘সামুদ্রিক নিরাপত্তা ও আঞ্চলিক ভূরাজনীতির প্রেক্ষাপটে বঙ্গোপসাগরের গুরুত্ব ক্রমেই বাড়ছে। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার সংযোগস্থল হিসেবে এই অঞ্চলকে ঘিরে উদ্ভূত সমস্যা ও সম্ভাবনা নিয়ে কার্যকর সমাধান খোঁজাই এ আয়োজনের অন্যতম লক্ষ্য।’

তিনি জানান, এবারের আলোচনায় ভূরাজনীতি, নিরাপত্তা, আস্থা, জলবায়ু পরিবর্তন, আধ্যাত্মিকতা ও মানবিকতার মতো বিষয়গুলো গুরুত্ব পাবে। একই সঙ্গে সিজিএস ইতোমধ্যে যুক্তরাষ্ট্রে কার্যক্রম সম্প্রসারণ করেছে এবং ভবিষ্যতে ব্রাসেলস ও দুবাইয়েও বিস্তারের পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।

সংবাদ সম্মেলনে সিজিএসের নির্বাহী পরিচালক পারভেজ করিম আব্বাসী বলেন, বে অব বেঙ্গল কনভারসেশন দক্ষিণ এশিয়ার বৃহত্তম বেসরকারিভাবে আয়োজিত আন্তর্জাতিক ভূরাজনৈতিক সম্মেলন। সময়ের সঙ্গে সঙ্গে এর পরিসর বেড়েছে এবং কঠিন ও সংবেদনশীল বিষয়গুলোকে আলোচনার কেন্দ্রে আনার চেষ্টা অব্যাহত রয়েছে। এবারের সম্মেলনে বৈশ্বিক ভূরাজনৈতিক অনিশ্চয়তা, বাংলাদেশের গণতান্ত্রিক শাসনব্যবস্থা এবং টেকসই উন্নয়ন নিয়ে আলোচনা হবে।

সংবাদ সম্মেলনে সিজিএসের পরিচালক সুবীর দাস, গবেষণা সহকারী তাসফিয়া রহমানসহ প্রতিষ্ঠানের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সম্মেলনের আলোচনার বিষয়বস্তু, সময়সূচি ও আলোচকদের তালিকা সমৃদ্ধ বুকলেট বিওবিসির অফিসিয়াল ওয়েবসাইট – এ পাওয়া যাবে, আগ্রহীরা সেখান থেকে সংগ্রহ করতে পারবেন। https://bobc.cgs-bd.com/

source: Daily Amar Desh

Leave a Reply

Back to top button