News

ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময়সূচি নির্ধারণে আজ ইসির সভা

সংগৃহীত

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন কবে এবং কয় ধাপে অনুষ্ঠিত হবে, তা নির্ধারণে আজ সোমবার বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ইসির উপসচিব মো. শাহ্ আলমের সই করা চিঠিতে সভার বিষয়টি জানানো হয়েছে। এতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে।

সভায় স্থানীয় সরকার পরিষদের নির্বাচন, ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময়সূচি নির্ধারণ এবং জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের কর্মকর্তাদের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা অর্পণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে।

এ ছাড়া পার্সোনালাইজেশন সেন্টারের যন্ত্রপাতির অবস্থা ও রক্ষণাবেক্ষণ, জাতীয় পরিচয়পত্র মুদ্রণ, বকেয়া বিল পরিশোধ এবং নতুন চুক্তি সম্পাদন নিয়ে গঠিত কমিটির কার্যবিবরণী পর্যালোচনা করা হবে। সভায় জাতীয় নির্বাচন পদক নীতিমালা-২০২৫-এর খসড়া অনুমোদনের বিষয়টিও আলোচনায় রয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছিলেন, সোমবারের কমিশন সভায় ইউনিয়ন পরিষদ নির্বাচনের চূড়ান্ত দিনক্ষণ নির্ধারণ করা হবে। একই সঙ্গে নির্বাচন কতটি ধাপে এবং কোন কোন সময়ে অনুষ্ঠিত হবে, সে বিষয়েও সিদ্ধান্ত জানানো হবে।

তিনি আরও জানান, ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল কেন্দ্রীয় নির্বাচন কমিশন থেকে ঘোষণা করা হবে না। মাঠপর্যায়ে জেলা নির্বাচন কর্মকর্তারা তফসিল ঘোষণা করবেন। কমিশন শুধু নির্বাচনের ধাপ ও সময়সূচি নির্ধারণ করে দেবে।

source: The Dhaka Diary

Leave a Reply

Back to top button