News

ড. ইউনূসকে হেনস্তার নিন্দা, জড়িতদের গ্রেপ্তার ও বিচার দাবি সিটিজেন ইনিশিয়েটিভের

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশের নোবেলজয়ী অধ্যাপক ও সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ঘিরে হেনস্তা, অপমানজনক স্লোগান ও ভিত্তিহীন অভিযোগ উত্থাপনের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সিটিজেন ইনিশিয়েটিভ। একই সঙ্গে এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তার ও বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে সংগঠনটি।

বুধবার এক বিবৃতিতে সিটিজেন ইনিশিয়েটিভের জনসংযোগ বিভাগ এ নিন্দা ও প্রতিবাদ জানায়।

বিবৃতিতে বলা হয়, গণতান্ত্রিক সমাজে যেকোনো ব্যক্তির রাজনৈতিক কর্মকাণ্ড ও সিদ্ধান্তের সমালোচনা করার অধিকার সবার রয়েছে। তবে মিথ্যা অভিযোগ তুলে কাউকে জনসমক্ষে হেনস্তা করা, ভয়ভীতি প্রদর্শন এবং মব সৃষ্টি কোনোভাবেই গ্রহণযোগ্য রাজনৈতিক আচরণ হতে পারে না।

বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট বলে অভিযুক্ত ব্যক্তিদের এমন কর্মকাণ্ডকে রাজনৈতিক অসহিষ্ণুতার বহিঃপ্রকাশ হিসেবে উল্লেখ করেছে সিটিজেন ইনিশিয়েটিভ। বিবৃতিতে বলা হয়, এ ধরনের আচরণ আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের মর্যাদা ও ভাবমূর্তিও ক্ষুণ্ণ করে।

ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করার জন্য ভিডিও ফুটেজ ও অন্যান্য নির্ভরযোগ্য প্রমাণের ভিত্তিতে যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে জরুরি কূটনৈতিক যোগাযোগ জোরদার করতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি।

একই সঙ্গে যুক্তরাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে দেশটির প্রচলিত আইন অনুযায়ী তদন্ত, গ্রেপ্তার ও বিচার নিশ্চিত করতে প্রয়োজনীয় সহযোগিতা ও উদ্যোগ নেওয়ার দাবি জানানো হয়েছে বিবৃতিতে।

সিটিজেন ইনিশিয়েটিভের বিবৃতিতে আরও বলা হয়, রাজনৈতিক মতপার্থক্য কখনোই হেনস্তা, সহিংসতা কিংবা মব সৃষ্টির বৈধতা দিতে পারে না। দেশে ও বিদেশে বাংলাদেশের নাগরিকদের মর্যাদা, নিরাপত্তা এবং আইনের শাসন নিশ্চিত করতে এ ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা গ্রহণ জরুরি।

source: Daily Amar Desh

Leave a Reply

Back to top button