সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, রাষ্ট্রদূতকে তলব ঢাকার

সৌদি আরবে দুই বাংলাদেশি প্রবাসীর মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় দেশটির রাষ্ট্রদূতকে তলব করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। রোববার (১৮ অক্টোবর) রাষ্ট্রদূতকে তলব করে মৃত্যুদণ্ড কার্যকরের কারণ ও এ-সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে চেয়েছে সরকার।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দুই বাংলাদেশির শিরশ্ছেদ এবং এ-সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে রাষ্ট্রদূতের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে।
এর আগে শনিবার (১৭ অক্টোবর) সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানান, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে সৌদি আরবের কাছ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো তথ্য পায়নি বাংলাদেশ। এ বিষয়ে বিস্তারিত জানতে সৌদি কর্তৃপক্ষকে চিঠি পাঠানো হয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, সৌদি আরবে বাংলাদেশের মিশনের শ্রম উইং থেকে পাওয়া বার্তায় জানানো হয়েছে, মক্কার একটি মসজিদের ভেতরে ‘ব্যভিচারে’ লিপ্ত থাকার অভিযোগে ওই দুই বাংলাদেশির বিরুদ্ধে ব্যবস্থা নেয় দেশটির আদালত। সৌদি আইনে এ ধরনের ঘটনাকে গুরুতর অপরাধ হিসেবে বিবেচনা করা হয় বলে বার্তায় উল্লেখ করা হয়েছে। তবে বিষয়টি সম্পর্কে বাংলাদেশ সরকার এখনো আনুষ্ঠানিক তথ্য পায়নি।
শামা ওবায়েদ আরও বলেন, সৌদি আরবের চিঠির জবাব পাওয়ার পর মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে বিস্তারিত জানা যাবে। একই সঙ্গে দুই বাংলাদেশির মরদেহ দেশে ফিরিয়ে আনার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে। এ ঘটনাকে বাংলাদেশের জন্য ‘বড় শিক্ষা’ বলেও মন্তব্য করেন তিনি।
প্রসঙ্গত, গত বুধবার সৌদি প্রেস এজেন্সি দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর প্রকাশ করে। মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি হলেন নজরুল ইসলাম ও সুইটি আখতার।
source: The Dhaka Diary