News

সৌদি আরবে হামলায় লাগেজ হারানো যাত্রীদের জন্য দূতাবাসের নির্দেশনা

সৌদি আরবের রিয়াদে কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় ক্ষতিগ্রস্ত সৌদি এয়ারলাইনসের যেসব যাত্রী এখনো লাগেজ ফেরত পাননি, তাঁদের অনলাইনে অভিযোগ দাখিলের অনুরোধ জানিয়েছে রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় দূতাবাস।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশ্লিষ্ট যাত্রীরা সৌদি এয়ারলাইনসের নির্ধারিত অনলাইন প্ল্যাটফর্মে প্রবেশ করে হারানো লাগেজের অভিযোগ জমা দিতে পারবেন। এ জন্য [এই লিংকে](https://mybag.aero/baggage/#/pax/saudia/en-gb/main-menu) প্রবেশ করে ‘লস্ট ব্যাগেজ ক্লেম’ অপশনে অভিযোগ দাখিল করতে হবে।

দূতাবাস আরো জানায়, হামলায় ক্ষতিগ্রস্ত অন্য এয়ারলাইনসের যাত্রীদের লাগেজসংক্রান্ত তথ্য পাওয়া গেলে তা যথাসময়ে জানানো হবে।

এদিকে, সৌদি আরবের দাম্মাম ও রিয়াদগামী ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার পরিপ্রেক্ষিতে ২৩, ২৪ ও ২৫ অক্টোবর ঢাকা–দাম্মাম রুটের ফ্লাইট বাতিল করা হয়েছে। পাশাপাশি নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় ঢাকা–রিয়াদ রুটের সব ফ্লাইট ৩১ অক্টোবর পর্যন্ত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।

বৃহস্পতিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিমান বাংলাদেশ এয়ারলাইনস জানায়, ২১ অক্টোবর রাতে দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, স্থগিত ফ্লাইটগুলোর বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত ও সংশোধিত সময়সূচি যথাসময়ে জানানো হবে। তবে ঢাকা থেকে সৌদি আরবের জেদ্দা ও মদিনাগামী ফ্লাইট পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী চলবে।

জরুরি প্রয়োজনে দাম্মাম ও রিয়াদগামী যাত্রীরা আসন খালি থাকা সাপেক্ষে জেদ্দা ও মদিনা আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে সৌদি আরবে যেতে পারবেন। একইভাবে এসব বিমানবন্দর দিয়ে দেশে ফেরার সুযোগও থাকবে।

source: Daily Amar Desh

Leave a Reply

Back to top button