News

গভীর রাতে ঢাবিতে বিসিএসের গেজেটবঞ্চিতদের অনশন থেকে ছাত্রলীগের ৪ নেতাকর্মী আটক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের সামনে ৪৫তম বিসিএসে গেজেটবঞ্চিতের অনশন থেকে নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের চার নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

গতকাল বৃহস্পতিবার (২২ অক্টোবর) দিবাগত রাত ১২টার দিকে তাদেরকে অনশনস্থল থেকে আটক করা হয়।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেল থেকে ৪৫তম বিসিএসে গেজেটবঞ্চিতরা অনশন কর্মসূচি শুরু করেন। তাদের মধ্যে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীও রয়েছেন- এমন তথ্য পাওয়া যায়। পরে ঢাবি প্রক্টোরিয়াল টিমের উপস্থিতিতে শাহবাগ থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের অনশনরতদের মধ্য থেকে চারজনকে আটক করে। এ সময় ছাত্রদলের কয়েকজন নেতাকর্মীকেও দেখা যায়। তারা ছাত্রলীগ নেতাদের পুলিশে দিতে সহযোগিতা করেন।

আটক ছাত্রলীগ নেতারা হলেন- বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) আশরাফুল হক হল শাখা ছাত্রলীগের উপ-সাধারণ সম্পাদক মো. হাবিবুল ইসলাম, বাকৃবির একই হলের ছাত্রলীগের শিক্ষা ও পাঠচক্র সম্পাদক পদপ্রার্থী মনিরুজ্জামান এবং ঢাবির অমর একুশে হল শাখা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আকরাম গাজী হৃদয়। অন্য একজনের পরিচয় আপাতত পাওয়া যায়নি।

এ বিষয়ে নীলক্ষেত পুলিশ ফাঁড়ির ইনচার্জ কামাল উদ্দিন গণমাধ্যমকে বলেন, ঢাবি প্রক্টরিয়াল টিমের মাধ্যমে আমরা সেখানে যাই। আটক চারজন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পোস্টেড নেতা নিশ্চিত হওয়ার পর জিজ্ঞাসাবাদের জন্য তাদেরকে শাহবাগ থানায় নেওয়া হয়। যাচাই-বাছাই করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিশ্ববিদ্যালয় প্রক্টোরিয়াল টিমের একজন সদস্য জানিয়েছেন, ক্যাম্পাসের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং নিষিদ্ধ সংগঠনের তৎপরতা রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আটককৃতদের বর্তমানে শাহবাগ থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

source: The Daily Campus

Leave a Reply

Back to top button