News

প্রধানমন্ত্রীর বাস নিয়ে ‌‌‍‘স্নাইপার’ মন্তব্য, ‍সেই আবু বকরের সাত দিনের রিমান্ড

গ্রেপ্তার আবু বকর সিদ্দিককে সাত দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ© সংগৃহীত
প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফরে ব্যবহৃত বাসের ছবি দিয়ে ফেসবুকে করা একটি পোস্টে স্নাইপার দিয়ে গুলি করার ইঙ্গিতপূর্ণ মন্তব্যের ঘটনায় গ্রেপ্তার আবু বকর সিদ্দিককে সাত দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ। 
 
রবিবার(২৫ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক এ আদেশ দেন। রিমান্ড শুনানিতে বিচারকের প্রশ্নের জবাবে আবু বকর বলেন, “এমনিতে কমেন্ট করেছি। আমার কোনো উদ্দেশ্য ছিল না। মজা করে কমেন্ট করেছি।” পরে তিনি বলেন, “আমার ভুল হয়ে গেছে।”
 
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মুহাম্মদ শামছুদ্দোহা সুমন আদালতে বলেন, প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে করা মন্তব্যটিকে সাধারণভাবে দেখার সুযোগ নেই। এর সঙ্গে আর কেউ জড়িত কি না এবং স্নাইপার বিষয়ে জানতে আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড প্রয়োজন বলে তিনি যুক্তি দেন।
 
আবু বকর রাজশাহীর নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজের সম্মান দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। বুধবার গভীর রাতে রাজশাহীর পবা থানার কচুয়াতৈল এলাকার বাসা থেকে তাকে আটক করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন। পরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাকে গ্রেপ্তার দেখায় গোয়েন্দা পুলিশ। শুক্রবার তাকে কারাগারে পাঠানো হয়।
 
‘দ্য বিউটি অব রাজশাহী’ নামের একটি ফেসবুক পেজে প্রধানমন্ত্রীর সফরে ব্যবহৃত বাসের ছবি দিয়ে পোস্ট করা হয়েছিল। ওই পোস্টের মন্তব্যের ঘরে ‘এমডি আবু বকর সিদ্দিক’ নামের একটি অ্যাকাউন্ট থেকে লেখা হয়, “ইস! একটা বড় সুযোগ ছিল। শুধু একটা স্নাইপারের অভাব ছিল।” মন্তব্যটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর আলোচনা শুরু হয়।
 
গত ২০ অক্টোবর সামরিক বিমানে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। বিমানবন্দর থেকে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একটি বাসে করে নগরীতে প্রবেশ করেন তিনি। পরে ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত সমাবেশে যোগ দেন এবং দুর্গাপূজা উপলক্ষে একটি মন্দির পরিদর্শন শেষে একই বাসে বিমানবন্দরে ফিরে যান।
 
এ ঘটনায় গোয়েন্দা পুলিশের সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগের এসআই মানিক হোসেন সন্ত্রাসবিরোধী আইনে রাজধানীর রমনা থানায় মামলা করেন।

source: The Dhaka Diary

Leave a Reply

Back to top button