রাজনৈতিক দলে প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতিনিধিত্বে উদ্যোগ কম

নির্বাচনি প্রক্রিয়ায় প্রতিবন্ধী ব্যক্তিদের ভোটাধিকার প্রয়োগ, নির্বাচনে অংশগ্রহণের সুযোগ এবং রাজনৈতিক প্রতিনিধিত্ব নিশ্চিত করার ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর দৃশ্যমান উদ্যোগের যথেষ্ট ঘাটতি রয়েছে। দেশের অধিকাংশ নিবন্ধিত রাজনৈতিক দলেই প্রতিবন্ধী জনগোষ্ঠীর অধিকার ও প্রতিনিধিত্ব সুরক্ষায় পৃথক কোনো সেল বা উইং নেই। এছাড়া জাতীয় সংসদে তাদের প্রতিনিধিত্ব বাড়াতে বিশেষ ব্যবস্থা বা সংরক্ষিত আসন চালুর বিষয়েও রাজনৈতিক দলগুলোর দৃশ্যমান উদ্যোগের অভাব রয়েছে।
সোমবার রাজধানীর বারিধারার হোটেল অমনি রেসিডেন্সিতে আয়োজিত এক কর্মশালায় বক্তারা এসব কথা বলেন। বাংলাদেশ সোসাইটি ফর দ্য চেঞ্জ অ্যান্ড অ্যাডভোকেসি নেক্সাস (বি-স্ক্যান) ‘ডিজেবিলিটি ইনক্লুসিভ ইলেকশন রিপোর্টিং’ শীর্ষক এ দিনব্যাপী কর্মশালাটির আয়োজন করে।
ইউরোপিয়ান পার্টনারশিপ ফর ডেমোক্রেসি (ইপিডি)-এর সহযোগিতায় ‘প্রোমোটিং ডিজেবিলিটি ইনক্লুসিভ ইলেকশন অবজারভেশন’ (পিডিআইইও) প্রকল্পের আওতায় অনুষ্ঠিত এ কর্মশালায় প্রিন্ট, ইলেকট্রনিক ও ডিজিটাল গণমাধ্যমের ২০ জন প্রতিনিধি অংশ নেন।
কর্মশালায় বক্তারা বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের করুণার পাত্র বা দয়ার বস্তু হিসেবে উপস্থাপন না করে সমান অধিকারধারী নাগরিক হিসেবে বিবেচনা করার মানসিকতা তৈরি করা সময়ের দাবি। নির্বাচন কমিশন ও রাজনৈতিক দলগুলোর জবাবদিহিতা নিশ্চিতে মূলধারার গণমাধ্যমকে আরও বেশি সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালনের তাগিদ দেওয়া হয়।
জাতিসংঘের প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সনদের (সিআরপিডি) ২৯ নম্বর ধারার আলোকে আয়োজিত এ কর্মশালায় মূলধারার সাংবাদিকতায় অধিকারভিত্তিক ও অন্তর্ভুক্তিমূলক ধারা জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। এতে সংবাদ ভাবনা নির্বাচন, কেস স্টাডি বিশ্লেষণ, সঠিক শব্দচয়ন এবং অনুসন্ধানী প্রতিবেদন তৈরির বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা করা হয়। বক্তারা স্পষ্ট করেন যে, প্রতিবন্ধী জনগোষ্ঠীর বিষয়গুলোকে নিছক ‘সহানুভূতি’ বা ‘দয়া’ হিসেবে না দেখে মানবাধিকার ও নাগরিক সমতার দৃষ্টিকোণ থেকে সংবাদে তুলে ধরতে হবে।
অনুষ্ঠানে বি-স্ক্যানের পক্ষে সংস্থাটির নির্বাহী পরিচালক সালমা মাহবুব, প্রোগ্রাম পরিচালক ইফতেখার মাহমুদ, প্রোগ্রাম কোঅর্ডিনেটর মাহফুজুর রহমান রাকীব, প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট কোঅর্ডিনেটর উপমা সাহা এবং অ্যাডমিন অফিসার রুমা আক্তার উপস্থিত ছিলেন। অন্যদিকে ইপিডির প্রতিনিধিত্ব করেন প্রকল্প পরিচালক আনাস্তাসিয়া এস উইবাওয়া ও প্রোগ্রাম ম্যানেজার রোকসানা হক।
কর্মশালাটি যৌথভাবে পরিচালনা করেন মিডিয়া অ্যানালিস্ট ও গবেষক নাজিয়া আফরিন মোনামী এবং দৈনিক ইত্তেফাকের ‘মহিলাঙ্গন’ বিভাগের রিপোর্টার ও এডিটর রাবেয়া বেবি। এতে সমাপনী বক্তব্য দেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধি সিমোনা কামোলিনি।
আয়োজক সংস্থা বি-স্ক্যান আশা প্রকাশ করে, দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই নির্বাচনি গণতন্ত্রে প্রতিবন্ধী ব্যক্তিদের কার্যকর অংশগ্রহণ এবং সমাজে একটি মর্যাদাপূর্ণ অবস্থান নিশ্চিত করতে প্রধান চালিকাশক্তি হিসেবে কাজ করবে।
source: Daily Amar Desh