News

২০২৭ সালে সরকারি ছুটি ২২ দিন

২০২৭ সালের সরকারি ছুটির খসড়া তালিকা অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এতে ১৫ দিন সাধারণ ছুটি এবং নির্বাহী আদেশে ১৪ দিন সরকারি ছুটির প্রস্তাব করা হয়েছে। সাপ্তাহিক ছুটি বাদ দিয়ে আগামী বছর সরকারি ছুটি থাকবে মোট ২২ দিন।

সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে রাতে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, ২০২৭ সালের সরকারি ছুটির তালিকায় জাতীয় দিবস ও বিভিন্ন সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব উপলক্ষে ১৫ দিন সাধারণ ছুটি থাকবে।

এর মধ্যে চার দিন সাপ্তাহিক ছুটির দিন—দুটি শুক্রবার ও দুটি শনিবার। এ ছাড়া বাংলা নববর্ষ এবং বিভিন্ন ধর্মীয় উৎসব উপলক্ষে নির্বাহী আদেশে ১৪ দিন সরকারি ছুটির প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে তিন দিন সাপ্তাহিক ছুটি—একটি শুক্রবার ও দুটি শনিবার।

সব মিলিয়ে প্রস্তাবিত ২৯ দিনের ছুটির মধ্যে সাত দিন সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলে যাওয়ায় কার্যত ছুটি পাওয়া যাবে ২২ দিন।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, এর বাইরে ধর্মীয় উৎসব উপলক্ষে প্রজাতন্ত্রের কর্মচারীরা বছরে অনধিক তিন দিন ঐচ্ছিক ছুটি ভোগ করতে পারবেন। পার্বত্য চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় কর্মরত ক্ষুদ্র নৃগোষ্ঠীর কর্মচারীদের প্রধান সামাজিক উৎসব বৈসাবি বা অনুরূপ উৎসব উদ্‌যাপনে দুই দিন ঐচ্ছিক ছুটির প্রস্তাবও রাখা হয়েছে।

source: Daily Amar Desh

Leave a Reply

Back to top button