News

শ্রমিক অসন্তোষ নিরসনে মজুরি বোর্ড সক্রিয় করার আহ্বান ইসলামী আন্দোলনের

ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম বলেছেন, পোশাকশিল্পে শ্রমিক অসন্তোষ ও অস্থিরতার পেছনে শুধু রাজনৈতিক দুরভিসন্ধি খুঁজলে চলবে না। শ্রমিকদের চাওয়া-পাওয়া বুঝতে সরকারের ব্যর্থতাও স্বীকার করতে হবে।

তিনি বলেন, শ্রমিকদের যৌক্তিক ক্ষোভ নিরসনে দ্রুত মজুরি বোর্ডের সভা আয়োজন এবং সমন্বিত রাজনৈতিক উদ্যোগ নিতে হবে।

মঙ্গলবার (৩ নভেম্বর) রাজধানীর পুরানা পল্টনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে দলের নিয়মিত সভায় তিনি এসব কথা বলেন।

ইঞ্জিনিয়ার আশরাফুল আলম বলেন, কয়েক মাস ধরে লাগাতার মূল্যস্ফীতি, আর্থিক অনিশ্চয়তা ও কর্মক্ষেত্রের নাজুক পরিস্থিতি শ্রমিকদের দেয়ালে পিঠ ঠেকিয়ে দিয়েছে। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা বাড়ানোর পর থেকেই মূল্যস্ফীতির কারণে স্বল্প আয়ের মানুষ ক্ষতিগ্রস্ত হবেন বলে সতর্ক করা হয়েছিল। তখন সরকার উদ্যোগ নিয়ে মজুরি বোর্ড গঠন করলে পরিস্থিতি এতটা খারাপ হতো না।

তিনি বলেন, ২০২৩ সালের পর গঠিত মজুরি বোর্ড এখনো বৈঠক করতে পারেনি। ছয় সদস্যের এই বোর্ডে যাদের নিয়োগ দেওয়া হয়েছে, তারা শ্রমিকদের স্বার্থ কতটা দেখবেন তা নিয়েও প্রশ্ন রয়েছে।

সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, দ্রুত মজুরি বোর্ডের সভা আয়োজন করতে হবে। বোর্ডে শ্রমিক প্রতিনিধি বাড়ানোর পাশাপাশি শ্রমিকদের মধ্যে আস্থা তৈরি করতে হবে।

ইসলামী আন্দোলনের এই নেতা বলেন, শ্রমিকদের যৌক্তিক ক্ষোভকে কাজে লাগিয়ে পতিত ফ্যাসিবাদী শক্তি সুবিধা নেওয়ার চেষ্টা করছে বলে বিভিন্ন খবরে জানা যাচ্ছে। এ পরিস্থিতিতে আলোচনার মাধ্যমে শ্রমিকদের আশ্বস্ত করতে হবে। সাধারণ শ্রমিকদের সঙ্গে কথা বলতে হবে। একই সঙ্গে দেশের সব রাজনৈতিক সংগঠনের সঙ্গে সমন্বয় করতে হবে। রাজনৈতিক, অরাজনৈতিক ও সংশ্লিষ্ট সব অংশীজনের সঙ্গে আলোচনা করে সংকট সমাধানে উদ্যোগ নিতে হবে।

সভায় আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, সহকারী মহাসচিব মাওলানা আহমাদ আবদুল কাইয়ূম, সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) মাওলানা আরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগ) ইঞ্জিনিয়ার মারুফ শেখ, কেন্দ্রীয় মুক্তিযোদ্ধাবিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ মো. আবুল কাশেম, কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক শেখ মুহাম্মাদ সাইফুল ইসলাম, কেন্দ্রীয় সদস্য (ওলামা বিভাগ) মুফতি কেফায়েতুল্লাহ কাশফী ও কেন্দ্রীয় সদস্য কে এম শরীয়াতুল্লাহ।

ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সদস্য কে এম শরীয়াতুল্লাহ মঙ্গলবার এসব তথ্য জানান।

এমআই/বার্তা বাজার

source: Barta Bazar

Leave a Reply

Back to top button