News

সৌরবিদ্যুৎ স্থাপন কার্যক্রম দ্রুত করতে সংসদে বিল

দেশে সৌরবিদ্যুৎ স্থাপন কার্যক্রমের দ্রুত বিস্তার নিশ্চিত করার লক্ষ্যে ‘বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন বিল, ২০২৬’ জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে।

মঙ্গলবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ সংসদে এই বিলটি উত্থাপন করেন। পরে বিলটি ৩ কার্যদিবসের মধ্যে পরীক্ষা করে প্রতিবেদন দেওয়ার জন্য সংশ্লিষ্ট সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।

এর আগে গত ১৯ অক্টোবর ‘বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন অধ্যাদেশ’ জারি করা হয়েছিল। গত সোমবার অধ্যাদেশটি সংসদে তোলার পর আজ তা রহিত করে আইনে পরিণত করার উদ্দেশ্যে বিল আকারে আনা হয়।

বিলের বিভিন্ন দিক তুলে ধরে বলা হয়, বিশেষ সৌরবিদ্যুৎ ব্যবস্থা অগ্রাধিকার ভিত্তিতে ওপেক্স মডেলে (অপারেশনাল এক্সপেন্ডিচার মডেল) উপযুক্ত স্থানে স্থাপন করা যাবে। এ ছাড়া যেসব প্রতিষ্ঠানের নিজস্ব তহবিল বা নিয়মিত আয় রয়েছে, তারা ভবিষ্যৎ আর্থিক সম্ভাব্যতা বিবেচনা করে ক্যাপেক্স মডেলে (ক্যাপিটাল এক্সপেন্ডিচার মডেল) এই ব্যবস্থা স্থাপন করতে পারবে। এই বিদ্যুৎ ব্যবস্থা স্থাপন ও পরিচালনার উদ্দেশে গ্রাহক, সার্ভিস প্রোভাইডার এবং উপযুক্ত কর্তৃপক্ষের মধ্যে একটি ত্রিপক্ষীয় চুক্তি সম্পাদিত হবে।

বিলে ক্রয়সংক্রান্ত বিশেষ বিধান রেখে বলা হয়েছে, ক্যাপেক্স মডেলে সীমিত দরপত্র পদ্ধতিতে পণ্য ও সংশ্লিষ্ট সেবা ক্রয়ের ক্ষেত্রে আর্থিক সীমা সর্বোচ্চ ৫ কোটি টাকা পর্যন্ত হতে পারবে। তবে বিশেষ সৌরবিদ্যুৎ কার্যক্রম দ্রুত বাস্তবায়নের স্বার্থে সংশ্লিষ্ট ক্রয় প্রক্রিয়ায় ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট (ই-জিবি) ব্যবহার বাধ্যতামূলক থাকবে না। এ ছাড়া বিলে কঠোর শাস্তির বিধান রেখে বলা হয়েছে, কোনো ব্যক্তি বিশেষ সৌরবিদ্যুৎ ব্যবস্থা থেকে বিদ্যুৎ বা এর কোনো যন্ত্রাংশ চুরি করলে তাঁকে সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ড, ৫০ হাজার টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত করা হবে।

এদিকে বিলটি উত্থাপনের আগে তীব্র আপত্তি জানান বিরোধীদলীয় সংসদ সদস্য নাজিবুর রহমান। তিনি বলেন, কার্যকর একটি সংসদ থাকা সত্ত্বেও সংসদকে পাশ কাটিয়ে অধ্যাদেশ জারি করা আইন প্রণয়নের ক্ষেত্রে সংসদের সার্বভৌমত্বের চরম লঙ্ঘন। এ বিষয়ে আইনমন্ত্রীসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে সুস্পষ্ট ব্যাখ্যা দেওয়ার দাবি জানান তিনি।

তিনি উল্লেখ করেন, ২০২৬ থেকে ২০৩০ সাল পর্যন্ত জাতীয় নবায়নযোগ্য জ্বালানি কৌশলপত্র গত জুলাইয়ে দেওয়া হয় এবং ছাদভিত্তিক সৌরবিদ্যুৎকেন্দ্রিক প্রণোদনা দেওয়া হয় ১ সেপ্টেম্বর। সে সময় সংসদ চলমান ছিল এবং তা ১০ সেপ্টেম্বর শেষ হয়। এর পরও সংসদকে এবং আইন, বিচার ও সংসদবিষয়ক স্থায়ী কমিটিকে পাশ কাটিয়ে ১৯ অক্টোবর কেন অধ্যাদেশ জারি করা হলো—সেই প্রশ্ন তোলেন এই সংসদ সদস্য।

জবাবে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, বিরোধীদলীয় সদস্যের ব্যাখ্যাটি বিভ্রান্তিমূলক। তিনি বলেন, সংসদ না থাকা অবস্থায় রাষ্ট্রপতি সন্তুষ্ট হয়ে অধ্যাদেশ জারি করলে তা তাঁর নিজস্ব বিবেচনার ওপর নির্ভর করে এবং এ বিষয়ে আদালতেও প্রশ্ন তোলার সুযোগ নেই। আইনমন্ত্রী আরও বলেন, ‘এই পার্লামেন্ট আইন প্রণয়নে সার্বভৌম। কিন্তু সংবিধানের ৯৩ অনুচ্ছেদের (১) উপঅনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির সন্তুষ্টির বিষয়ের ওপর এই পার্লামেন্টের হাত দেওয়ার কোনো ক্ষমতা নেই।’

আইনমন্ত্রী ও বিরোধীদলীয় সদস্যের বিতর্কের পর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বিলটি আনার যৌক্তিকতা ও কারণ ব্যাখ্যা করেন। এরপর স্পিকার বিলটি উত্থাপনের অনুমতি দেওয়ার প্রস্তাব সংসদে ভোটে দিলে কণ্ঠভোটে তা পাস হয় এবং বিদ্যুৎমন্ত্রী বিলটি সংসদে উত্থাপন করেন।

source: Daily Amar Desh

Leave a Reply

Back to top button