News

ভ্রাম্যমাণ আদালতের প্রতিটি অভিযান ভিডিও ধারণের নির্দেশ

বাংলাদেশ সরকার© দ্য ঢাকা ডায়েরী সম্পাদিত
ভ্রাম্যমাণ আদালতের প্রতিটি অভিযান এখন থেকে ভিডিও ধারণ করতে হবে। আদালতের দেওয়া আদেশের বিরুদ্ধে আপিল হলে প্রয়োজন অনুযায়ী আপিল আদালতে ওই ভিডিও সাক্ষ্য হিসেবে উপস্থাপন করতে হবে। ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে এ সিদ্ধান্ত নিয়েছে সরকার।
 
সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক পরিপত্রে এ নির্দেশনা দেওয়া হয়েছে। গত অক্টোবরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় নেওয়া সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে এ ব্যবস্থা কার্যকর করা হচ্ছে।
 
পরিপত্রে বলা হয়েছে, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ধারণ করা ভিডিও মামলার নম্বর ও তারিখ অনুযায়ী সংরক্ষণ করতে হবে। এ জন্য জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয়ের জেএম শাখা এবং সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থাকে ভিডিও সংরক্ষণের যথাযথ ব্যবস্থা রাখতে হবে। পাশাপাশি ধারণ করা ভিডিওর একটি অনুলিপি সংশ্লিষ্ট গণমাধ্যম সেলে পাঠাতে হবে।
 
ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতেও নির্দেশনা দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। এ লক্ষ্যে প্রতিটি জেলায় একটি করে গণমাধ্যম সেল গঠন বা চালু রাখার কথা বলা হয়েছে। এসব সেলের মাধ্যমে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম প্রচার করা হবে।
 
অভিযানে জব্দ করা মালামাল সংরক্ষণের বিষয়েও পরিপত্রে সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। প্রতিটি জেলা প্রশাসকের কার্যালয় এবং সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থাকে জব্দ করা মালামাল রাখার জন্য নিরাপদ ও সুরক্ষিত কক্ষ, স্থাপনা বা স্থান নির্ধারণ করতে হবে।
 
জব্দ করা মালামাল গ্রহণ, সংরক্ষণ এবং প্রয়োজন অনুযায়ী আদালতে উপস্থাপন বা হস্তান্তরের দায়িত্ব সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে সুনির্দিষ্টভাবে বণ্টন করতে হবে। এর মাধ্যমে জব্দ করা সম্পদের যথাযথ ব্যবস্থাপনা নিশ্চিত করা সম্ভব হবে বলে পরিপত্রে উল্লেখ করা হয়েছে।
 
তবে পচনশীল বা দ্রুত নষ্ট হয়ে যায়—এমন মালামাল দীর্ঘদিন সংরক্ষণের বাধ্যবাধকতা থাকছে না। এসব মালামাল বিদ্যমান আইন ও বিধিবিধান অনুসরণ করে নিষ্পত্তি করতে হবে।
 
 

source: The Dhaka Diary

Leave a Reply

Back to top button