বিশ্বের শীর্ষ ৫০০ প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বের তালিকায় স্থান পেয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমান

২০২৭ সালের বিশ্বের ৫০০ জন সবচেয়ে প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বের তালিকায় স্থান পেয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। মর্যাদাপূর্ণ এই বার্ষিক তালিকায় এটিই তার প্রথম অন্তর্ভুক্তি।
জর্ডানভিত্তিক রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার (আরআইএসএসসি) কর্তৃক সম্প্রতি প্রকাশিত ‘দ্য মুসলিম ৫০০: দ্য ওয়ার্ল্ডস ৫০০ মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল মুসলিমস’-এর ১৮তম বার্ষিক সংস্করণে এই স্বীকৃতি দেয়া হয়েছে। তালিকায় তারেক রহমানকে ‘রাজনৈতিক’ বিভাগে অন্তর্ভুক্ত করা হয়েছে।
প্রকাশনাটিতে তারেক রহমানকে একজন বিশিষ্ট বাংলাদেশি রাজনীতিবিদ, প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারম্যান হিসেবে বর্ণনা করা হয়েছে। এতে তার রাজনৈতিক জীবন, লন্ডনে ১৭ বছরের নির্বাসন এবং বিএনপির নেতৃত্ব দিতে বাংলাদেশে ফিরে আসার বিষয়টিও তুলে ধরা হয়েছে।
তারেক রহমান ছাড়াও দুইজন বাংলাদেশি নারী মানবাধিকার কর্মী ড. হামিদা হোসেন এবং আইনজীবী রাজিয়া সুলতানা ‘সামাজিক ইস্যু’ বিভাগে এই তালিকায় স্থান পেয়েছেন।
ড. হামিদা হোসেন ‘আইন ও সালিশ কেন্দ্র’ (আসক)-এর অন্যতম প্রতিষ্ঠাতা, অন্যদিকে রাজিয়া সুলতানা রোহিঙ্গা নারী ও শিশুদের অধিকার রক্ষায় কাজের জন্য আন্তর্জাতিকভাবে স্বীকৃত।
২০২৬ সালের সংস্করণে বাংলাদেশের তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস শীর্ষ ৫০ প্রভাবশালী মুসলিমের মধ্যে ৫০তম স্থানে ছিলেন। তবে সর্বশেষ এই সংস্করণে তার নাম নেই।
প্রকাশনাটির তথ্য অনুযায়ী, বিশ্বের প্রায় ২২০ কোটি মুসলিম নাগরিকের ওপর আলোচিত ব্যক্তিদের রাজনৈতিক, আদর্শিক, সাংস্কৃতিক এবং অর্থনৈতিক প্রভাব মূল্যায়ন করে এই তালিকা তৈরি করা হয়। এতে শীর্ষ ৫০ জন ব্যক্তিত্বকে ক্রমানুসারে র্যাঙ্কিং করা হয় এবং বাকি ৪৫০ জনকে ১৩টি পৃথক বিভাগে অন্তর্ভুক্ত করা হয়।
source: Barta Bazar