News

‘ইরানিদের অনাহারে রাখার হুমকি দিচ্ছে যুক্তরাষ্ট্র’

অর্থনৈতিক অবরোধ দিয়ে যুক্তরাষ্ট্র প্রকাশ্যে ইরানি জনগণকে অনাহারে রাখার হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেছে ইরান। ফ্রান্সে জি-৭ ভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর এক বক্তব্যের কড়া সমালোচনা করে এ কথা বলেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই।

এর আগে মার্কো রুবিও মন্তব্য করেছিলেন, এই মুহূর্তে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ অর্থনৈতিক নিষেধাজ্ঞাই ঠিকমতো কাজ করছে। তিনি বলেন, নিষেধাজ্ঞার কারণে তারা যে চাপে পড়েছে তার বাস্তবতা হলো—বেঁচে থাকার জন্য শেষ পর্যন্ত তো খাবার জোগাড় করতেই হবে। নিজেদের সেনা ও নিরাপত্তা বাহিনীকে টিকিয়ে রাখতেও তাদের অর্থের প্রয়োজন।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ওই বক্তব্যের জবাবে এক্সে দেওয়া এক পোস্টে ইসমাইল বাঘাই বলেন, ওয়াশিংটন যে এখনো যুদ্ধাপরাধ করে যাচ্ছে, এটি তারই আরেকটি প্রকাশ্য স্বীকারোক্তি। ইরানের বিরুদ্ধে আগ্রাসন ও অর্থনৈতিক সন্ত্রাসবাদের মাধ্যমে তারা আগে থেকে যে বর্বরতা চালিয়ে আসছে, এই বক্তব্য সেই পরিস্থিতিকে আরও ভয়াবহভাবে তুলে ধরেছে।

মার্কিন নীতির সমালোচনা করে এই ইরানি মুখপাত্র আরও বলেন, কয়েক দশক ধরে জবরদস্তি, হুমকি, নিষেধাজ্ঞা, সন্ত্রাসবাদ এবং আগ্রাসনে ব্যর্থ হওয়ার পরও যুক্তরাষ্ট্র একই ভুলের পুনরাবৃত্তি করে চলেছে। তারা কেবল নতুন নামে পুরোনো কৌশলগুলোই বারবার সামনে আনছে।

source: Barta Bazar

Leave a Reply

Back to top button