News

শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হয়েও নিয়োগে সুপারিশবঞ্চিতদের ৩ দফা

১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েও নিয়োগের সুপারিশ না পাওয়া ৯ হাজার ৮৪২ প্রার্থীর দ্রুত নিয়োগের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন বঞ্চিতরা। বিষয়ভিত্তিক পর্যাপ্ত শূন্যপদ যুক্ত করে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশসহ ৩ দফা দাবি জানিয়েছেন তারা।

সোমবার (১৬ নভেম্বর) শাহবাগে দ্বিতীয় দিনের মতো এ কর্মসূচি পালন করেন সুপারিশবঞ্চিত প্রার্থীরা। দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা।

এর আগে তিন দাবি আদায়ে রোববার (১৫ নভেম্বর) সকাল ১০টা থেকে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি শুরু করেন তারা।

নিয়োগ প্রত্যাশীরা জানান, চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েও নিয়োগের সুপারিশ না পাওয়া প্রায় সাড়ে নয় হাজার প্রার্থীর দ্রুত নিয়োগ নিশ্চিত করার দাবিতে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

আন্দোলনকারীদের তিন দাবির মধ্যে রয়েছে, ১৮তম শিক্ষক নিবন্ধনে চূড়ান্তভাবে উত্তীর্ণ ও সুপারিশ না পাওয়া প্রার্থীদের দ্রুত নিয়োগ সুপারিশ দেওয়া এবং নামমাত্র নয়, কার্যকর গণবিজ্ঞপ্তি প্রকাশ করা। বিষয়ভিত্তিক পর্যাপ্ত শূন্য পদ যুক্ত করে সুপারিশ না পাওয়াদের জন্য দ্রুত বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে। প্রয়োজনে নতুন করে শূন্য পদের চাহিদা নিতে হবে।

এ ছাড়া সনদের মেয়াদ ও বয়সসীমার মধ্যে থাকা সাপেক্ষে চূড়ান্তভাবে উত্তীর্ণ ও সুপারিশবঞ্চিত ৯ হাজার ৮৪২ জনকে নিয়োগের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।

source: Asia Post

Leave a Reply

Back to top button