News

শিশুকে যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগ, বৃদ্ধ গ্রেপ্তার

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার চারুলিয়া গ্রামে টাকার প্রলোভন দেখিয়ে আট বছর বয়সী এক শিশুকে কলাবাগানে নিয়ে যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগ উঠেছে ৬৫ বছর বয়সী এক বৃদ্ধের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্তকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় বাসিন্দারা। পরে পুলিশ তাকে হেফাজতে নেয়।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেল সাড়ে পাঁচটার দিকে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত লিলু (৬৫) চারুলিয়া গ্রামের মৃত বাছের খানের ছেলে। ভুক্তভোগী শিশুটি হেমায়েতপুর গ্রামের বাসিন্দা। সে তার নানাবাড়িতে বেড়াতে এসেছিল।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিকেলে শিশুটি কয়েকজন বন্ধুর সঙ্গে একটি সেতুর নিচে খেলছিল। এ সময় লিলু তাকে টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে পাশের একটি কলাবাগানে নিয়ে যান। সেখানে কলার পাতা পেড়ে শিশুটির প্যান্ট খুলে যৌন নিপীড়নের চেষ্টা করেন বলে অভিযোগ উঠেছে। বিষয়টি দেখতে পেয়ে শিশুটির সঙ্গে থাকা বন্ধুরা চিৎকার শুরু করলে অভিযুক্ত ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

পরে শিশুটি ও তার বন্ধুরা বাড়িতে ফিরে পরিবারের সদস্যদের বিষয়টি জানায়। খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা অভিযুক্ত লিলুকে আটক করেন। পরে চারুলিয়া পুলিশ ক্যাম্পের সদস্যদের কাছে তাকে সোপর্দ করা হয়। ক্যাম্পের এএসআই আরিফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে আটক করে দামুড়হুদা মডেল থানায় হস্তান্তর করেন।

এদিকে স্থানীয় কয়েকজন বাসিন্দার অভিযোগ, লিলুর বিরুদ্ধে আগেও একই ধরনের অসদাচরণের অভিযোগ উঠেছিল। এ নিয়ে দুবার তাকে মারধর করে ছেড়ে দেওয়া হয়েছিল বলেও দাবি করেন তারা। এমন ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে অভিযুক্তের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।

ঘটনার প্রত্যক্ষদর্শী শিশুটির এক বন্ধু জানায়, তারা একসঙ্গে খেলছিল। এ সময় লিলু শিশুটিকে টাকা দেওয়ার কথা বলে কলাবাগানে নিয়ে যান। সেখানে কলার পাতা পেড়ে শিশুটির প্যান্ট খুলে অসদাচরণের চেষ্টা করেন। বিষয়টি দেখে তারা চিৎকার করলে ওই ব্যক্তি পালিয়ে যান।

দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসেল মিয়া বলেন, এ ঘটনায় রাতেই শিশুটির নানা বাদী হয়ে থানায় মামলা করেছেন। ঘটনার পরপরই অভিযুক্তকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। বুধবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।

source: The Daily Campus

Leave a Reply

Back to top button