News

বাংলাদেশ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে বৈশ্বিক পোশাক ব্র্যান্ডগুলো, অর্ডার যাচ্ছে ভারতে

বাংলাদেশের তৈরি পোশাক খাতে শ্রমিক অসন্তোষ, উৎপাদন ব্যাহত হওয়া এবং ব্যয় বৃদ্ধির কারণে দেশ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে আন্তর্জাতিক ফ্যাশন ব্র্যান্ডগুলো। জারা, এইচঅ্যান্ডএমসহ বিশ্বের শীর্ষস্থানীয় কয়েকটি পোশাক ব্র্যান্ড বাংলাদেশ থেকে তাদের নিয়মিত অর্ডারের একটি বড় অংশ এশিয়ার অন্য দেশগুলোতে সরিয়ে নিচ্ছে। এর সবচেয়ে বড় সুবিধাভোগী হয়ে উঠেছে প্রতিবেশী ভারত।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, নভেম্বরের প্রথমার্ধে বাংলাদেশ থেকে প্রায় ১০ শতাংশ মাসিক পোশাকের অর্ডার অন্য দেশে সরিয়ে নেওয়া হয়েছে। তিনজন কারখানামালিকের দেওয়া তথ্য অনুযায়ী, ১ থেকে ১৮ নভেম্বরের মধ্যে বাংলাদেশ থেকে প্রায় ২৫ কোটি ৪০ লাখ ডলারের পোশাকের অর্ডার সরানো হয়েছে। এর বেশির ভাগই গেছে ভারতে।

বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান ভিত্তি তৈরি পোশাকশিল্পের জন্য এই অর্ডার স্থানান্তর বড় ধরনের ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। সংশ্লিষ্ট ব্যক্তিদের আশঙ্কা, চলমান অস্থিরতা দীর্ঘায়িত হলে এর প্রভাব শুধু সাময়িক অর্ডার স্থানান্তরেই সীমাবদ্ধ থাকবে না; ভবিষ্যতের ব্যবসাও হারাতে পারে বাংলাদেশ।

শ্রমিক অসন্তোষের পাশাপাশি মজুরি বৃদ্ধি, জ্বালানিসংকট ও রাজনৈতিক অনিশ্চয়তা দেশের তৈরি পোশাকশিল্পের প্রতিযোগিতামূলক সক্ষমতাকে দুর্বল করে তুলছে বলে মনে করছেন শিল্পসংশ্লিষ্ট ব্যক্তিরা। একসময় কম উৎপাদন ব্যয়ের কারণে বিশ্ববাজারে বাংলাদেশের যে শক্ত অবস্থান তৈরি হয়েছিল, তা এখন চ্যালেঞ্জের মুখে।

চীনের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক বাংলাদেশ। দেশের মোট রপ্তানি আয়ের ৮০ শতাংশের বেশি আসে তৈরি পোশাক খাত থেকে। পাশাপাশি দেশের উৎপাদনশিল্পে কর্মরত মানুষের প্রায় ৪০ শতাংশ এই খাতের সঙ্গে যুক্ত।

বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) হিসাব অনুযায়ী, সাম্প্রতিক শ্রমিক বিক্ষোভ ও অস্থিরতায় এ খাতে উৎপাদন ক্ষতির পরিমাণ ৪০ কোটি ডলারের বেশি।

ভারত ছাড়াও সুবিধা পাচ্ছে ভিয়েতনাম-কম্বোডিয়া

বাংলাদেশ থেকে সরিয়ে নেওয়া পোশাকের অর্ডারের সবচেয়ে বড় অংশ যাচ্ছে ভারতে। তবে সরবরাহব্যবস্থার ঝুঁকি কমানো এবং নির্ধারিত সময়ে পণ্য সরবরাহ নিশ্চিত করতে ভিয়েতনাম, কম্বোডিয়া ও ইন্দোনেশিয়ার দিকেও ঝুঁকছেন আন্তর্জাতিক ক্রেতারা।

বুধবার বাংলাদেশে তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩৬ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। গত চার দশকের মধ্যে এটিই ছিল সবচেয়ে কম হারে মজুরি বৃদ্ধির একটি সিদ্ধান্ত। শ্রমিকেরা মজুরি দ্বিগুণের বেশি করার দাবি জানিয়ে আসছিলেন। নতুন মজুরি ঘোষণার পরও পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষের ঘটনা ঘটে।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব আবদুর রহমান তারাফদার নতুন মজুরি বৃদ্ধিকে ‘সন্তোষজনক’ বলে মন্তব্য করেছেন। শনিবার থেকে সব পোশাকশ্রমিক কাজে ফিরবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।

তবে শিল্পসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, মজুরি বৃদ্ধির ফলে ভারতের তুলনায় বাংলাদেশের শ্রমব্যয়ের যে সুবিধা ছিল, তা আরো কমে আসবে। অন্যদিকে শ্রমিক সংগঠনগুলোর দাবি, আন্তর্জাতিক পোশাকশিল্পের মানদণ্ডে বাংলাদেশের শ্রমিকদের মজুরি এখনো অনেক কম।

নাম প্রকাশ না করার শর্তে তিনজন কারখানামালিক রয়টার্সকে জানিয়েছেন, শ্রমিক অসন্তোষের কারণে জারা, এইচঅ্যান্ডএম, মার্কস অ্যান্ড স্পেন্সার, সেলিওসহ বিভিন্ন আন্তর্জাতিক ব্র্যান্ড বাংলাদেশ থেকে তাদের অর্ডার সরিয়ে নিয়েছে। এসব অর্ডারের বেশির ভাগই পেয়েছে ভারত।

জারা ব্র্যান্ডের মালিক প্রতিষ্ঠান ইন্ডিটেক্স এ বিষয়ে মন্তব্য করতে রাজি হয়নি। মার্কস অ্যান্ড স্পেন্সার, এইচঅ্যান্ডএম ও সেলিওও রয়টার্সের মন্তব্য চেয়ে পাঠানো অনুরোধের জবাব দেয়নি।

রয়টার্সের প্রতিবেদন প্রকাশের পর ভারতের বস্ত্র খাতের শেয়ারবাজারে ইতিবাচক প্রভাব পড়ে। দেশটির তৈরি পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠান গোকালদাস এক্সপোর্টসের শেয়ারের দাম একপর্যায়ে ১১ শতাংশ পর্যন্ত বেড়ে যায়। ট্রাইডেন্টের শেয়ার বাড়ে প্রায় ৫ শতাংশ। এ ছাড়া ওয়েলস্পান লিভিং, কেপিআর মিল ও বর্ধমান টেক্সটাইলসের শেয়ারের দামও প্রায় ২ শতাংশ করে বাড়ে।

বিজিএমইএর পরিচালক এম মহিউদ্দিন চৌধুরী বলেন, মজুরি বৃদ্ধির পাশাপাশি বিদ্যুৎ-গ্যাস ও কাঁচামালের দাম বাড়ায় পোশাক প্রস্তুতকারকদের ওপর চাপ আরো বেড়েছে।

তিনি বলেন, ক্রেতারা যখন পণ্যের দাম কমানোর জন্য চাপ দিচ্ছেন এবং প্রতিদ্বন্দ্বী দেশগুলোর সঙ্গে প্রতিযোগিতা বাড়ছে, ঠিক তখনই মজুরি বৃদ্ধি উৎপাদন ব্যয় বাড়িয়ে দিয়েছে।

বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান অবশ্য কোন কোন ব্র্যান্ড অর্ডার সরিয়েছে, তা প্রকাশ করতে চাননি। তবে তার মতে, সাময়িকভাবে কিছু অর্ডার অন্য দেশে সরিয়ে নেওয়ার মাধ্যমে আন্তর্জাতিক ক্রেতাদের সঙ্গে সম্পর্ক ধরে রাখা এবং আর্থিক ক্ষতি কমানোর চেষ্টা করছে শিল্পপ্রতিষ্ঠানগুলো।

ভবিষ্যতের অর্ডার হারানোর শঙ্কা

শিল্পসংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে এখন সবচেয়ে বড় উদ্বেগ শুধু ইতিমধ্যে অন্য দেশে চলে যাওয়া অর্ডার নয়, বরং ভবিষ্যতে নতুন অর্ডার পাওয়ার সম্ভাবনা কমে যাওয়া। আন্তর্জাতিক ক্রেতারা এখন নতুন করে ভাবছেন, কোন দেশ থেকে পোশাক তৈরি করালে সময়মতো পণ্য পাওয়া যাবে এবং সরবরাহব্যবস্থা নিরবচ্ছিন্ন থাকবে।

মধ্যপ্রাচ্যের সংকটের কারণে জ্বালানি সরবরাহে চাপ তৈরি হওয়ায় বাংলাদেশের কারখানাগুলোতে বিদ্যুৎ ও গ্যাসের সংকট আরও বেড়েছে। উৎপাদন সচল রাখতে কিছু কারখানাকে ব্যয়বহুল বিকল্প জ্বালানির ওপর নির্ভর করতে হচ্ছে।

এম মহিউদ্দিন চৌধুরী বলেন, পোশাক কেনার ক্ষেত্রে আন্তর্জাতিক ক্রেতারা এখন দামের চেয়ে পণ্য সরবরাহের সময়কে বেশি গুরুত্ব দিচ্ছেন। নির্ধারিত সময়ের মধ্যে পণ্য সরবরাহ করতে না পারলে কম দামেও ক্রেতাদের ধরে রাখা কঠিন হয়ে পড়ছে।

তার দেওয়া তথ্য অনুযায়ী, বাংলাদেশ থেকে পণ্য সরবরাহের তুলনায় ভারত প্রায় এক সপ্তাহ আগে পণ্য পৌঁছে দিতে পারে। অন্যদিকে ভিয়েতনাম ও কম্বোডিয়া সরবরাহের সময় সর্বোচ্চ ১৫ দিন পর্যন্ত কমিয়ে আনতে পারে।

বাংলাদেশে একটি পোশাক তৈরি ও সরবরাহ করতে সাধারণত প্রায় ১২০ দিন সময় লাগে। সেখানে প্রতিদ্বন্দ্বী দেশগুলো ৬০ থেকে ৯০ দিনের মধ্যে উৎপাদন ও সরবরাহ সম্পন্ন করতে পারে বলে জানান তিনি।

অস্থিরতার কারণে ঢাকার আশপাশের কারখানাগুলোতে উৎপাদন কার্যক্রমে বড় ধরনের জট তৈরি হয়েছে। এতে আনুমানিক ২০ থেকে ২৫ দিনের উৎপাদন পিছিয়ে গেছে। নির্ধারিত সময়ে ক্রেতাদের কাছে পণ্য পৌঁছে দিতে কিছু কারখানা অতিরিক্ত সময় কাজ করানো এবং ব্যয়বহুল আকাশপথে পণ্য পাঠানোর কথা ভাবছে।

ইউরোপের বিভিন্ন ব্র্যান্ডের জন্য পোশাক সরবরাহকারী প্রতিষ্ঠান অ্যালপস অ্যাপারেলস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক খান মনিরুল আলম বলেন, শ্রমিক অসন্তোষের কারণে নতুন ব্যবসাও ক্ষতিগ্রস্ত হচ্ছে।

তিনি বলেন, ১ নভেম্বর থেকে আমার অধিকাংশ ক্রেতা নতুন অর্ডার দেওয়া বন্ধ রেখেছেন। তারা জানাচ্ছেন, আমাদের অর্ডার অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে, স্থগিত করা হয়েছে কিংবা বাতিল করা হয়েছে। এরই মধ্যে তারা বিকল্প ব্যবস্থাও খুঁজে নিয়েছেন।

এদিকে ভারতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থান এবং তার ঢাকায় সম্ভাব্য প্রত্যাবর্তন ঘিরে রাজনৈতিক উত্তেজনাও শিল্প খাতে নতুন অনিশ্চয়তা তৈরি করছে।

শিল্পনেতারা মনে করছেন, আন্তর্জাতিক ক্রেতাদের আস্থা ধরে রাখতে হলে দেশে স্থিতিশীল পরিবেশ ফিরিয়ে আনা এবং কারখানাগুলোতে নিরবচ্ছিন্ন উৎপাদন নিশ্চিত করা জরুরি। এম মহিউদ্দিন চৌধুরী সতর্ক করে বলেন, অস্থিরতার সময়ে যেসব অর্ডার অন্য দেশে চলে যাচ্ছে, পরিস্থিতি স্বাভাবিক হলেও সেগুলো বাংলাদেশে ফিরে না-ও আসতে পারে।

তিনি বলেন, সাময়িকভাবে অন্য দেশে সরিয়ে নেওয়া অর্ডার যেন দীর্ঘমেয়াদি সিদ্ধান্তে পরিণত না হয়, তার আগেই ক্রেতাদের আস্থা ফিরিয়ে আনাই এখন বড় চ্যালেঞ্জ। ব্র্যান্ডগুলোর হাতে বিকল্প রয়েছে। দেশে অস্থিরতা চলতে থাকলে তারা আমাদের জন্য অপেক্ষা করবে না।

সূত্র: রয়টার্স

এআরবি

source: Daily Amar Desh

Leave a Reply

Back to top button