Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Bd বাংলাদেশ

চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে মারধরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:

বান্দরবানের লামা উপজেলার আজিজনগর ইউনিয়নে রাবার ব্যবসাকে কেন্দ্র করে চাঁদাবাজি ও হামলার অভিযোগ উঠেছে ইউনিয়ন ছাত্রদলের এক নেতাসহ একটি চক্রের বিরুদ্ধে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকালে এ ঘটনায় আব্দুস সবুর বাবুল বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ করে আরও ১০ থেকে ১৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে লামা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

হামলায় মো. ওমর ফারুক নামে এক ব্যবসায়ী আহত হয়েছেন। তিনি বর্তমানে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। ফারুক স্থানীয় ব্যবসায়ী আব্দুস সবুর বাবুলের ছেলে। অভিযুক্ত মাহফুজ আলম মাসুম বান্দরবানের লামা উপজেলার আজিজনগর সাংগঠনিক থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক।

অন্য অভিযুক্তরা হলেন— কোরবান আলী প্রকাশ রাজা মিয়া (২৪), মনির হোসেন মজলু (৩৫), মো. লিটন (৩০) ও রফিকুল ইসলাম। তারা সবাই আজিজনগর ইউনিয়নের বাসিন্দা।

ভুক্তভোগী আব্দুস সবুর বাবুল জানান, দীর্ঘদিন ধরে তাদের রাবার ব্যবসা চলছে। প্রবাসে থাকা ছেলেদের অনুপস্থিতিতে বড় ছেলে ওমর ফারুক দেশে এসে ব্যবসা দেখাশোনা করেন। এ সময় একটি চক্র তাদের কাছে চাঁদা দাবি করে এবং চাপের মুখে কিছু টাকা দিতে বাধ্য হন। সম্প্রতি আবারও মোটা অঙ্কের চাঁদা দাবি করা হয়। পরে বৈঠকের কথা বলে ডেকে নিয়ে তার ছেলের ওপর হামলা চালানো হয়। হামলাকারীরা মারধর করে গুরুতর আহত করার পাশাপাশি মোটরসাইকেল ভাঙচুর করে এবং মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেয়।

লামা থানার ওসি মুহাম্মদ শাহজাহান কামাল বলেন, এ ঘটনার একটি অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে ও জানান তিনি।

 

বার্তা বাজার/এস এইচ

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু

Source: bartabazar.com

Back to top button