গুগল ট্রেন্ডসে বিএনপি ৫০ জামায়াত ৪০, হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত!

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:
আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে দেশজুড়ে জমে উঠেছে রাজনৈতিক প্রচারণা। মাঠের পাশাপাশি অনলাইন পরিসরেও দলগুলোর তৎপরতা চোখে পড়ছে। এ প্রেক্ষাপটে গুগল ট্রেন্ডসের তথ্য বিশ্লেষণ করে দেশের বিভিন্ন বিভাগে কোন রাজনৈতিক দল সার্চে এগিয়ে রয়েছে—তা তুলে ধরেছে সংবাদমাধ্যম।
গুগল ট্রেন্ডস এমন একটি সূচক, যেখানে ইন্টারনেটে কোনো শব্দ বা বিষয় যত বেশি সার্চ করা হয়, সেটি তত বেশি জনপ্রিয় হিসেবে বিবেচিত হয়। গত ২২ জানুয়ারি নির্বাচনী প্রচারণা শুরুর পর থেকে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) পর্যন্ত সময়ের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, দেশের সব বিভাগেই অন্যান্য রাজনৈতিক দলের তুলনায় সার্চে এগিয়ে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এরপর যথাক্রমে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও ইসলামী আন্দোলন বাংলাদেশ।
ঢাকা বিভাগ:
ঢাকা ও ময়মনসিংহ অঞ্চল নিয়ে গঠিত ঢাকা বিভাগে গুগল সার্চে বিএনপি ৫০ শতাংশ নিয়ে শীর্ষে রয়েছে। জামায়াতে ইসলামী পেয়েছে ৪০ শতাংশ। এনসিপি ৮ শতাংশ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ ২ শতাংশ।
চট্টগ্রাম বিভাগ:
চট্টগ্রাম বিভাগে বিএনপি ৫০ শতাংশ সার্চ নিয়ে এগিয়ে। জামায়াতে ইসলামী রয়েছে ৪২ শতাংশে। এনসিপি ৬ শতাংশ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ ২ শতাংশ।
বরিশাল বিভাগ:
বরিশাল বিভাগে বিএনপি পেয়েছে ৫১ শতাংশ সার্চ। জামায়াতে ইসলামী ৪০ শতাংশ। এনসিপি ৫ শতাংশ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ ৪ শতাংশ।
রাজশাহী বিভাগ:
রাজশাহী বিভাগে বিএনপি ও জামায়াতে ইসলামী যথাক্রমে ৫০ ও ৪০ শতাংশ সার্চ পেয়েছে। এনসিপি ৬ শতাংশ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ ১ শতাংশ।
খুলনা বিভাগ:
খুলনায় বিএনপি ৫০ শতাংশ এবং জামায়াতে ইসলামী ৪৩ শতাংশ সার্চ পেয়েছে। এনসিপি ৫ শতাংশ ও ইসলামী আন্দোলন বাংলাদেশ ২ শতাংশ।
রংপুর বিভাগ:
রংপুর বিভাগে বিএনপির অবস্থান তুলনামূলকভাবে কিছুটা দুর্বল। এখানে বিএনপি ৪৭ শতাংশ সার্চ পেয়েছে, জামায়াতে ইসলামী ৪৩ শতাংশ। এনসিপি ৮ শতাংশ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ ২ শতাংশ।
সিলেট বিভাগ:
সিলেট বিভাগে বিএনপি সবচেয়ে এগিয়ে রয়েছে। এখানে দলটি পেয়েছে ৫২ শতাংশ সার্চ। জামায়াতে ইসলামী ৪০ শতাংশ, এনসিপি ৭ শতাংশ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ ১ শতাংশ।
এদিকে নির্বাচনী প্রচারণা শুরুর পরবর্তী এক সপ্তাহের তুলনায় গত সাত দিনে গুগল ট্রেন্ডসে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও এনসিপির ইন্টারেস্ট রেট কমেছে। ইসলামী আন্দোলনের ইন্টারেস্ট রেট ৫ শতাংশ থেকে কমে ৪ শতাংশে নেমেছে। এনসিপির ইন্টারেস্ট রেটও ১৪ শতাংশ থেকে কমে ১৩ শতাংশে দাঁড়িয়েছে।
অন্যদিকে বিএনপি ও জামায়াতে ইসলামীর ইন্টারেস্ট রেট বেড়েছে। জামায়াতে ইসলামী ৫৮ শতাংশ থেকে বেড়ে ৬৮ শতাংশে পৌঁছেছে। আর বিএনপির ইন্টারেস্ট রেট ৮৫ শতাংশ থেকে বেড়ে বর্তমানে ৮৭ শতাংশে দাঁড়িয়েছে।
গুগল ট্রেন্ডসের গড় আগ্রহের হিসাবে দেখা যায়, সবচেয়ে বেশি সার্চ হওয়া রাজনৈতিক দল হিসেবে শীর্ষে রয়েছে বিএনপি। দ্বিতীয় অবস্থানে জামায়াতে ইসলামী, তৃতীয় এনসিপি এবং চতুর্থ ইসলামী আন্দোলন বাংলাদেশ।
সামাজিক যোগাযোগমাধ্যমেও ফলোয়ার সংখ্যার দিক থেকে এগিয়ে রয়েছে বিএনপি। দলটির অফিসিয়াল ফেসবুক পেজে ফলোয়ার সংখ্যা ৪ দশমিক ৭৩ মিলিয়ন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর পেজে রয়েছে ৩ মিলিয়ন ফলোয়ার। এনসিপির ফেসবুক পেজে ১ দশমিক ৪ মিলিয়ন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের পেজে রয়েছে ১ দশমিক ৬ মিলিয়ন ফলোয়ার। এছাড়া গণ অধিকার পরিষদের ফেসবুক পেজে ফলোয়ার সংখ্যা ৯৯ হাজার ৮০০।
প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু
Source: dailyjanakantha.com

