ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪০৫, মামলা ৬২

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ৪০৫ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এসব অভিযানে বিভিন্ন অপরাধে ৬২টি মামলা দায়ের করা হয়েছে। এ সময় বিপুল পরিমাণ মাদকদ্রব্য, সিম কার্ড, মোবাইল ফোন ও বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়।
আজ সোমবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে সবচেয়ে বেশি ১৪৭ জন মিরপুর বিভাগ থেকে। এ ছাড়া তেজগাঁও বিভাগে ৫৯, গুলশানে ৪৩, লালবাগে ৪০, মতিঝিলে ৩৬, ওয়ারীতে ৩৪, উত্তরা বিভাগে ২০ এবং রমনা বিভাগে ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি গোয়েন্দা পুলিশ (ডিবি) ৬ জন এবং এসআরইউ ৩ জনকে গ্রেপ্তার করেছে।
অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে ৫ হাজার ৯৯২টি ইয়াবা, ৪১ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও ২২ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়। এ ছাড়া ৪টি মোবাইল ফোন, বিভিন্ন প্রতিষ্ঠানের ৩ হাজার ১১২টি সিম কার্ড, একটি ট্রাক, একটি বাস, একটি চাবি, ২৬টি সিলিং ফ্যান এবং নগদ ৫৭ হাজার ৬৮৫ টাকা জব্দ করা হয়েছে। এ সময় একজন ভিকটিমকেও উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিএমপি।
source: Daily Amar Desh