প্রবাসীদের ভোটাধিকার ও বিমানবন্দরে হয়রানি বন্ধে সরকারের প্রতি আহ্বান

প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা এবং তাদের বিভিন্ন ধরনের হয়রানি বন্ধের জোরালো আহ্বান জানিয়েছে ‘সম্মিলিত প্রবাসী অধিকার বাস্তবায়ন পরিষদ’। সম্প্রতি বাংলাদেশে সফরে এসে সংগঠনটির সভাপতি ও যুক্তরাজ্যের ইমিগ্রেশন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ বেলায়েত হোসাইন আইন ও প্রবাসী কল্যাণ মন্ত্রী এবং বেশ কয়েকজন সংসদ সদস্যের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এই আহ্বান জানান।
পৃথক পৃথক এসব বৈঠকে তিনি বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা প্রবাসীদের নানা বঞ্চনা ও সমস্যার কথা নীতিনির্ধারকদের কাছে তুলে ধরেন। এ সময় তিনি নবগঠিত এই সংগঠনের কার্যক্রম, লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কেও তাদের অবহিত করেন।
গত শনিবার ঢাকার আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানের সরকারি বাসভবনে অনুষ্ঠিত সাক্ষাতে পরিষদের সভাপতির সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির, সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন, ব্যারিস্টার নজরুল ইসলাম, ব্যারিস্টার বেলায়েত হোসাইন এবং সংগঠনটির উপদেষ্টা পরিষদের সদস্য ড. এডিএম ইউনুস প্রমুখ।
অন্যদিকে, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে অনুষ্ঠিত আলাদা বৈঠকে বিচারক বেলায়েত হোসাইনের সঙ্গে উপস্থিত ছিলেন ড. এডিএম ইউনুস। এছাড়া সফরকালে তিনি নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য ফখরুল ইসলাম এবং ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমানের সঙ্গেও পৃথক বৈঠক করেন।
সাক্ষাৎকালে পরিষদের সভাপতি বলেন, বিশ্বের বিভিন্ন দেশে দেড় কোটির বেশি বাংলাদেশি স্থায়ী ও অস্থায়ীভাবে বসবাস করছেন। এসব প্রবাসীদের মধ্যে শিক্ষক, চিকিৎসক, আইনজীবী, প্রকৌশলী, তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ ও ব্যবসায়ীসহ বিভিন্ন পেশার মানুষ দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তাদের পাঠানো রেমিট্যান্স দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি। পাশাপাশি বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা ও মানবাধিকার সুরক্ষার আন্দোলনেও প্রবাসীদের ভূমিকা অনস্বীকার্য। তিনি উল্লেখ করেন, প্রতিটি প্রবাসীই মূলত স্ব স্ব দেশে বাংলাদেশের এক একজন শুভেচ্ছাদূত (অ্যাম্বাসেডর)।
প্রবাসীদের নানা হয়রানির চিত্র তুলে ধরে তিনি মন্ত্রীদের বলেন, দেশের অর্থনীতিতে এত বড় অবদান রাখার পরও প্রবাসীরা তাদের প্রাপ্য অধিকার ও মর্যাদা থেকে বঞ্চিত হন এবং পদে পদে অবহেলা ও হয়রানির শিকার হন। বিশেষ করে বাংলাদেশের বিমানবন্দরে প্রবাসীদের হয়রানি, বিদেশে বাংলাদেশি দূতাবাস ও কনস্যুলেটগুলোতে সেবা পাওয়ার ক্ষেত্রে দীর্ঘসূত্রতা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জবাবদিহির অভাব নিয়ে তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেন।
বিচারক বেলায়েত হোসাইন বলেন, প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স নিয়ে রাষ্ট্র গর্ব করলেও কোনো সরকারের আমলেই প্রবাসীদের মৌলিক সমস্যাগুলোর স্থায়ী সমাধানের কার্যকর উদ্যোগ দেখা যায় না। বর্তমান সরকারের কাছে মানুষের প্রত্যাশা অনেক। প্রবাসীরা নিজেদের দেশ, সম্পদ ও আত্মীয়স্বজন ছেড়ে বিদেশে পাড়ি জমান; কিন্তু অনেক সময় দেশে ফিরে তারা দেখতে পান তাদের সম্পদ বেদখল হয়ে গেছে। প্রবাসীদের সম্পদের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে তিনি সরকারের প্রতি দ্রুত পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানান।
সব প্রবাসীকে দ্রুত ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করে নিজ নিজ অবস্থান থেকে ভোট দেওয়ার সুযোগ তৈরির পাশাপাশি দ্বৈত নাগরিকত্বধারী বাংলাদেশিদের নির্বিঘ্নে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি। এ প্রসঙ্গে তিনি বলেন, বিশ্বের অনেক গণতান্ত্রিক দেশেই দ্বৈত নাগরিকরা নির্বাচনে অংশ নিতে পারছেন। কানাডার বর্তমান প্রধানমন্ত্রীসহ ফ্রান্সে নিজ দেশের প্রবাসীরা ভোটে অংশ নিচ্ছেন এবং সেখানে দ্বৈত নাগরিকত্বধারী ৯ জনের বেশি সংসদ সদস্য আইনপ্রণেতা হিসেবে দায়িত্ব পালন করছেন। অথচ বাংলাদেশের নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ ও অংশগ্রহণের ক্ষেত্রে প্রবাসীদের নানা আইনি ও প্রশাসনিক জটিলতার মুখোমুখি হতে হয়। এসব প্রতিবন্ধকতা দূর করতে দ্রুত প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।
আলোচনায় প্রবাসীদের অধিকার সুরক্ষায় কার্যকর রাষ্ট্রীয় নীতিমালা প্রণয়ন, বিমানবন্দরে প্রবাসীদের প্রাপ্য নাগরিক অধিকার সুনিশ্চিত করা, দূতাবাস ও হাইকমিশনের সেবার মান বৃদ্ধি এবং প্রবাসীদের অভিযোগ দ্রুত নিষ্পত্তির বিষয়ের ওপরও গুরুত্ব দেওয়া হয়। মন্ত্রীবর্গ ও সংসদ সদস্যরা মনোযোগ দিয়ে এসব কথা শোনেন এবং সমস্যাগুলো সমাধানে সম্ভাব্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
উল্লেখ্য, বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত বাংলাদেশিদের অধিকার প্রতিষ্ঠা, ন্যায্য দাবি আদায় এবং তাদের মেধা, দক্ষতা ও অভিজ্ঞতাকে দেশের উন্নয়নে কাজে লাগানোর লক্ষ্য নিয়ে সম্প্রতি লন্ডনে গঠিত হয় ‘সম্মিলিত প্রবাসী অধিকার বাস্তবায়ন পরিষদ’। সংগঠনটির সভাপতি বিচারক মোহাম্মদ বেলায়েত হোসাইন বর্তমানে সংক্ষিপ্ত সফরে বাংলাদেশে অবস্থান করছেন এবং নীতিনির্ধারক ও জনপ্রতিনিধিদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করছেন।
সংগঠনটির প্রচার সম্পাদক অলিউল্লাহ নোমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
source: Daily Amar Desh