News
কৃষক কার্ডে মিলবে আবহাওয়ার আগাম বার্তা, ৪ বছরে সুবিধা পাবেন ২ কোটি ৪০ লাখ কৃষক

কৃষক কার্ডধারীদের মোবাইল ফোনে স্বয়ংক্রিয়ভাবে আবহাওয়ার আগাম পূর্বাভাস পাঠানোর উদ্যোগ নিয়েছে সরকার। এর মাধ্যমে বৃষ্টি, তাপমাত্রার পরিবর্তন ও প্রতিকূল আবহাওয়া সম্পর্কে আগেই সতর্ক হতে পারবেন কৃষকরা।
স্বাভাবিক সময়ে প্রতি ৬ ঘণ্টা পরপর এবং দুর্যোগকালীন সময়ে প্রয়োজন অনুযায়ী একাধিকবার এসএমএসের মাধ্যমে আবহাওয়ার পূর্বাভাস পাঠানো হবে।
সরকারের কৃষক কার্ড কর্মসূচির আওতায় কৃষকরা আবহাওয়ার তথ্যের পাশাপাশি কৃষি উপকরণ সহায়তা, স্বল্প সুদে ঋণ, সেচ সুবিধা ও কৃষি বীমাসহ ১০ ধরনের সেবা পাবেন। আগামী চার বছরে দেশের প্রায় ২ কোটি ৪০ লাখ কৃষককে এ কর্মসূচির আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অধীন কৃষি তথ্য সার্ভিস (এআইএস) এ উদ্যোগ বাস্তবায়ন করবে। সময়মতো আবহাওয়ার পূর্বাভাস পেলে কৃষকরা চাষাবাদ, সেচ, সার প্রয়োগ ও ফসল সংগ্রহের বিষয়ে আগাম সিদ্ধান্ত নিতে পারবেন। এতে ফসলের ক্ষতি কমানোর পাশাপাশি উৎপাদন ব্যয় সাশ্রয়ের সুযোগ তৈরি হবে।
আরও পড়ুন
সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, চলতি ২০২৬-২৭ অর্থবছরে ৪৩ লাখ কৃষককে কার্ড দেওয়ার কার্যক্রম চলছে। ইতোমধ্যে ২২ লাখ কৃষকের তথ্য সংগ্রহ করা হয়েছে এবং ৯ লাখ কৃষকের ব্যাংক হিসাব খোলা হয়েছে।
কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম খান বলেন, “কৃষকদের মোবাইল ফোনে স্বয়ংক্রিয়ভাবে আবহাওয়ার পূর্বাভাস পাঠানোর উদ্যোগটি সমন্বিত সেবাব্যবস্থায় নতুন মাত্রা যোগ করবে। সময়মতো তথ্য পেলে কৃষকরা চাষাবাদের পরিকল্পনা ও সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় প্রস্তুতি নিতে পারবেন।”
তিনি আরও বলেন, “সরকারের পরিকল্পনা অনুযায়ী পর্যায়ক্রমে দেশের সব জেলা, উপজেলা ও কৃষি ব্লককে কৃষক কার্ড কর্মসূচির আওতায় আনা হবে।”
source: The Dhaka Diary