Bd বাংলাদেশ

এমপি হয়ে মিষ্টি নিয়ে হাজির জামায়াত নেতা, হাসিমুখে স্বাগত জানালেন বিএনপি নেতা

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:

আগামী ১৩ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-১ (নাগেশ্বরী-ভূরুঙ্গামারী) আসনে বিজয়ের পর প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থীর বাসায় গিয়ে সাক্ষাৎ করেছেন জামায়াতের প্রার্থী আনোয়ারুল ইসলাম। এ সময় তাকে হাসিমুখে স্বাগত জানিয়েছেন পরাজিত প্রার্থী। আনোয়ারুল ইসলাম শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে নিকটতম প্রতিদ্বন্দ্বী সাইফুর রহমান রানার নাগেশ্বরীর বাসায় গিয়ে মিষ্টিমুখ করান।

এ ঘটনার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিবাচক আলোচনার সৃষ্টি করেছে। এটি নতুন সৌহার্দ্যপূর্ণ রাজনৈতিক সংস্কৃতির উদাহরণ বলেও মনে করছেন সংশ্লিষ্টরা।

প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী হিসেবে অধ্যাপক আনোয়ারুল ইসলাম প্রথমবারের মতো জয়ী হন।

বিজয়ী প্রার্থী আনোয়ারুল ইসলাম বলেন, নির্বাচনে জয়-পরাজয় থাকবেই। আমরা প্রতিহিংসার রাজনীতি নয়, সৌহার্দ্যের রাজনীতি করতে চাই। জনগণ আমাদের যে রায় দিয়েছেন, নির্বাচনে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে রানা ভাইসহ সবার সহযোগিতা নিয়ে কাজ করতে চাই।

বেসরকারি ফলাফলে দেখা যায়, কুড়িগ্রাম-১ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে আনোয়ারুল ইসলাম দাঁড়িপাল্লা প্রতীকে ১ লাখ ৩৯ হাজার ৪৯৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির সাইফুর রহমান রানা পেয়েছেন ১ লাখ ২২ হাজার ৩১৯ ভোট।

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু

Source: bartabazar.com

Back to top button