News

চাঁদা না পেয়ে ট্রাকচালককে পেটালেন শ্রমিকদল নেতা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে চাঁদা না পেয়ে এক ট্রাকচালককে বেধড়ক পেটানোর অভিযোগ উঠেছে স্থানীয় শ্রমিক দল নেতার বিরুদ্ধে। ভুক্তভোগীর দাবি, দাবিকৃত ১০ হাজার টাকা চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় ‘তারাব পৌর শ্রমিক দলের’ সাধারণ সম্পাদক ফজলুল হক ও তার অনুসারীরা রুবেল (২৬) নামের ওই চালককে পিটিয়ে গুরুতর আহত করেন।

সোমবার রাতে রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার মৈকুলী এলাকায় এ হামলার ঘটনা ঘটে। ভুক্তভোগী রুবেল স্থানীয় ‘এশিয়ান ট্রেডার্স’ নামের একটি প্রতিষ্ঠানের পণ্যবাহী ট্রাকের চালক হিসেবে কর্মরত রয়েছেন।

ঘটনার বিবরণে ট্রাকচালক রুবেল জানান, সোমবার রাতে তিনি প্রতিষ্ঠানের মালামাল নিয়ে মৈকুলী কারখানায় প্রবেশ করার চেষ্টা করছিলেন। এ সময় ফজলুল হক তার পথরোধ করে ১০ হাজার টাকা চাঁদা দাবি করেন এবং টাকা না দিলে কারখানায় ট্রাক প্রবেশ করতে দেওয়া হবে না বলে হুমকি দেন। চাঁদাবাজির প্রতিবাদ জানালে শ্রমিক দল নেতা ফজলুল হক ও তার সহযোগীরা তাকে মারধর করে রক্তাক্ত ও গুরুতর আহত করেন।

এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম সালাউদ্দিন জানান, চালকের ওপর হামলা ও চাঁদাবাজির ঘটনায় থানায় লিখিত অভিযোগ পাওয়া গেছে এবং একটি মামলা দায়ের করা হয়েছে। বিষয়টির সুষ্ঠু তদন্ত পরিচালনা করে অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

source: Azadir Dak

Leave a Reply

Back to top button