ঢাবির ইফতার মেনুতে অবশেষে যুক্ত হচ্ছে গরুর মাংস, বাদ মুরগি

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:
আগামী ৪ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে আয়োজিত ইফতার কর্মসূচির মেনু পরিবর্তনকে কেন্দ্র করে ক্ষোভ প্রকাশ করেছিলেন ডাকসু ও হল সংসদের নির্বাচিত প্রতিনিধিরা। তাদের দাবি, শিক্ষার্থীদের মতামত উপেক্ষা করে গরুর মাংসের পরিবর্তে মুরগির আইটেম রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
রবিবার (১ মার্চ) দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া পোস্টে তারা এ অভিযোগ তোলেন। প্রতিনিধিদের ভাষ্য, ইফতারের মতো গুরুত্বপূর্ণ আয়োজনে শিক্ষার্থীদের পছন্দ-অপছন্দ বিবেচনায় নেওয়া হয়নি।
মূলত শিক্ষার্থীদের এসব বিষয় আমলে নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। জানতে চাইলে ঢাবির প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির সদস্য ও কবি জসিম উদ্দীন হল-এর প্রভোস্ট অধ্যাপক ড. শাহিন খান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়েছে—হল ইফতারের খাবারের রাতের ডিনার বক্সে চিকেনের পরিবর্তে বিফ যুক্ত করা হবে, চিকেন থাকবে না। এছাড়া ইফতারের মেনুতে যে আপেল রাখার কথা ছিল, সেটিও রাখা হবে না।
তিনি আরও জানান, পূর্বনির্ধারিত মেনুতেই পরিবর্তন আনা হয়েছে। অর্থাৎ, যেখানে আগে চিকেন রাখার সিদ্ধান্ত ছিল, সেখানে এখন বিফ থাকবে এবং আপেল বাদ দেওয়া হয়েছে।
ইফতারে গরুর মাংস না দেওয়ার পেছনে কোনো সাংস্কৃতিক বিষয় ছিল কি না—এমন প্রশ্নের জবাবে অধ্যাপক শাহিন খান বলেন, “না, আমার কাছে সেরকম কিছু মনে হয় না। শিক্ষার্থীদের ইফতার আয়োজনে সবসময় আমরা ভালো কিছু করার চেষ্টা করি। গত বছরও আলোচনা করে তেহারি করা হয়েছিল। এবার চিকেন দিয়ে করার একটি সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু শিক্ষার্থীদের বিবেচনায় প্রশাসন সে অনুযায়ী সিদ্ধান্ত নিয়েছে।”
এদিকে, মেনু পরিবর্তন নিয়ে শিক্ষার্থীদের একটি অংশ সন্তোষ প্রকাশ করলেও, সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় প্রতিনিধিদের সঙ্গে আরও সমন্বয়ের দাবি জানিয়েছেন ডাকসু ও হল সংসদের নেতারা।
এর আগে বিষয়গুলো নিয়ে ক্ষোভ প্রকাশ করে ডাকসু নেতা-নেত্রীরা। ডাকসুর কমনরুম, রিডিংরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক উম্মে সালমা তার ফেসবুক পোস্টে লিখেছিলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশ্যে নারী হলগুলোতে কখনোই গরু রাখা হয় না। সেহেরিতেও চাইলে তারা প্রয়োজন মতো গরু খেতে পারে না। ঢাবির ইফতার মাহফিলের এই মাত্র একদিন গরু খাওয়ার সুযোগ হয়। সে অধিকার কেড়ে নিলে সাধারণ শিক্ষার্থী মেনে নিবে না। ঢাবিতে ভদ্রভাবে বললে কাজ হয় না, মুসলিম দেশে গরু খাওয়ার জন্যও আন্দোলন করা লাগে।’
কুয়েতে মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার
প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু
Source: thedailycampus.com

