News

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

ত্রয়োদশ জাতীয় সংসদের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে কমিটির সভাপতি মো. আমানউল্লাহ আমানের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকের শুরুতে কমিটির প্রথম বৈঠকের কার্যবিবরণী সংশোধনী সাপেক্ষে নিশ্চিত করা হয়। এ সময় বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মাধ্যমে জাতীয় গুরুত্বপূর্ণ তথ্যচিত্র ও প্রামাণ্য দলিলে অন্যান্য গুরুত্বপূর্ণ কর্মসূচির পাশাপাশি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের মতোই নব্বইয়ের ঐতিহাসিক গণ-অভ্যুত্থান এবং জুলাই গণ-অভ্যুত্থানের ইতিহাস অন্তর্ভুক্ত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

বৈঠকে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) অনুষ্ঠান ও সংবাদ পরিবেশনের সামাজিক প্রভাব বিবেচনায় নেওয়ার তাগিদ দেওয়া হয়। এ সময় উল্লেখ করা হয়, বিটিভির দায়িত্ব ও ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিটিভির মূল উদ্দেশ্য কোনো বাণিজ্যিক টেলিভিশন চ্যানেলে রূপান্তরিত হওয়া নয়; বরং রাষ্ট্র ও সমাজের প্রতি দায়বদ্ধ একটি গণমাধ্যম প্রতিষ্ঠান হিসেবে দায়িত্ব পালন করা। তাই বিটিভির লক্ষ্য ও উদ্দেশ্য সুনির্দিষ্ট করা প্রয়োজন।

বৈঠকে আরও বলা হয়, সংবাদ পরিবেশনের ক্ষেত্রে সরকারি ও বিরোধী দলের সংবাদ প্রচারের নির্দিষ্ট আনুপাতিক হার বিবেচনার পরিবর্তে সংবাদের গুরুত্ব ও প্রাসঙ্গিকতাকে অগ্রাধিকার দিতে হবে। কোনো দিনে বিরোধী দলের গুরুত্বপূর্ণ সংবাদ থাকলে তা যথাযথ গুরুত্বের সঙ্গে প্রচার করতে হবে। বিটিভির অনুষ্ঠান ও সংবাদ পরিবেশনের মাধ্যমে ‘আর স্বৈরাচার নয়, আসুন সবাই মিলেমিশে কাজ করি’—এমন ইতিবাচক বার্তা জনগণের কাছে পৌঁছে দেওয়ার ওপর জোর দেওয়া হয়। এ ছাড়া দলমত-নির্বিশেষে সবার কাছে গ্রহণযোগ্য অনুষ্ঠান নির্মাণ ও প্রচারের নির্দেশ দেওয়া হয়।

বৈঠকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন দপ্তর ও সংস্থাগুলোতে গত ১৭ বছরে অনৈতিকভাবে বাধ্যতামূলক অবসরে পাঠানো এবং পদোন্নতিবঞ্চিত কর্মকর্তাদের নাম ও পদবিসহ তালিকা পরবর্তী বৈঠকে উপস্থাপনের বিষয়ে আলোচনা হয়। একই সাথে বিগত সময়ে বাতিল করা অনুষ্ঠান ও কর্মসূচির তালিকাও উপস্থাপনের সুপারিশ করা হয়। মন্ত্রণালয়ের অধীন সব কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার ওপরও বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী মানুষ যাতে নির্বিঘ্নে ও স্বাধীনভাবে ধর্মীয় উৎসব উদ্‌যাপন করতে পারেন, সে লক্ষ্যে বৈঠকে উপস্থিত সকলকে সহযোগিতা ও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

বৈঠকে কমিটির সদস্য তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান, প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, মো. আশরাফ উদ্দিন, মো. মজিবুর রহমান, নিলোফার চৌধুরী মনি, ফাহমিদা হক, মো. শফিকুল ইসলাম এবং মোসাঃ নাজমুন নাহার এমপি অংশগ্রহণ করেন।

এছাড়াও বৈঠকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব, মন্ত্রণালয়ের অধীন অধিদপ্তরসমূহের মহাপরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সংশ্লিষ্ট সংস্থাসমূহের প্রধানগণ এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

source: Daily Amar Desh

Leave a Reply

Back to top button