Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Bd বাংলাদেশ

অকারণে বিরোধিতা নয়, আবার না বুঝে সহযোগিতাও করবে না বিরোধী দল

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আগামীকাল ত্রয়োদশ জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশন শুরু হওয়ার প্রেক্ষাপটে বিরোধী দলের নির্বাচিত সংসদ সদস্যরা বৈঠক করেছেন। বৈঠকে দেশ ও জাতির প্রত্যাশা পূরণে বিরোধী দল হিসেবে তাদের ভূমিকা কী হবে, সে বিষয়ে খোলামেলা আলোচনা ও মতবিনিময় হয়েছে।

জামায়াতে আমির বলেন, “আমরা চাই জাতীয় সংসদ দেশ ও জনগণের প্রত্যাশা পূরণে কার্যকর ও অর্থবহ ভূমিকা পালন করুক। বিরোধী দল হিসেবে আমরা দায়িত্বশীল ভূমিকা পালন করতে চাই। সকল বিষয়ে অকারণ বিরোধিতা নয়, আবার না বুঝে সহযোগিতাও নয়।”

ডা. শফিকুর রহমান বলেন, ‘দেশ ও জাতির কল্যাণে সরকারি দলের যেকোনো ইতিবাচক সিদ্ধান্ত ও পদক্ষেপে বিরোধী দলের সমর্থন ও সহযোগিতা থাকবে। তবে জনগণের ক্ষতি হয়—এমন কোনো সিদ্ধান্ত বা পদক্ষেপ এলে প্রথমে ভুল ধরিয়ে দেওয়া, সংশোধনের সুযোগ দেওয়া এবং প্রয়োজন হলে প্রতিবাদ করার পথ বেছে নেওয়া হবে।’

তিনি বলেন, “প্রথমে আমরা পরামর্শ দেব। যদি তাতে কাজ না হয়, তাহলে প্রতিবাদ করব। আর তাতেও কাজ না হলে জনগণের অধিকারের পক্ষে আমরা দৃঢ়ভাবে দাঁড়াব।’ সরকারের সদিচ্ছা থাকলে এসব পরিস্থিতি তৈরি হবে না এবং আলোচনা ও যুক্তির ভিত্তিতে সিদ্ধান্ত নিলে তা দেশের জন্য মঙ্গলজনক হবে বলে আশা প্রকাশ করেন জামায়াতের আমির।

তিনি বলেন, “বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট একটি বিশেষ বাস্তবতার মধ্য দিয়ে তৈরি হয়েছে। ২০২৪ সালের আন্দোলন, বিপুল ত্যাগ, জীবনদান ও দীর্ঘ সংগ্রামের ফলেই এই পরিবর্তন এসেছে। এবারের নির্বাচনের সঙ্গে একই দিনে একটি সংস্কারভিত্তিক গণভোটও অনুষ্ঠিত হয়েছে। নির্বাচিত সদস্যরা প্রথমে সংস্কার পরিষদের সদস্য হিসেবে এবং পরে সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন। তবে সরকারি দলের সদস্যরা এখনো সংস্কার পরিষদের শপথ নেননি বলে উল্লেখ করে তিনি তাদের শপথ নেওয়ার আহ্বান জানান।

ডা. শফিকুর রহমান বলেন, “জুলাইয়ের আন্দোলনের আকাঙ্ক্ষাকে সম্মান জানাতে হলে সংস্কার প্রক্রিয়া বাস্তবায়ন করতে হবে। গণভোটে প্রস্তাবিত চারটি বিষয় হুবহু বাস্তবায়নের পক্ষে বিরোধী দল কাজ করবে এবং এ ক্ষেত্রে সর্বাত্মক সহযোগিতা করবে।’

তিনি প্রবাসী বাংলাদেশিদের অবদানের কথাও উল্লেখ করেন। বলেন, দেশের আন্দোলন-সংগ্রামে প্রবাসীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাদের ভোটাধিকার নিশ্চিত করার দাবিও বিরোধী দল দীর্ঘদিন ধরে করে আসছিল এবং এর আংশিক বাস্তবায়ন হয়েছে।

প্রবাসীদের যথাযথ সম্মান ও অধিকার নিশ্চিত করার জন্য সংসদে ভূমিকা রাখার প্রতিশ্রুতি দিয়ে ডা. শফিকুর রহমান বলেন, “আমরা দুর্নীতি ও দুঃশাসনমুক্ত, মানবিক ও নিরাপদ বাংলাদেশ গড়তে চাই। সরকারের ভালো উদ্যোগকে আমরা স্বাগত জানাব, আর জনগণের স্বার্থবিরোধী কিছু হলে তার বিরোধিতা করব।”

সর্বশেষ ত্রয়োদশ জাতীয় সংসদের মাধ্যমে বাংলাদেশ একটি টেকসই ও কার্যকর গণতন্ত্রের পথে এগিয়ে যাবে বলেও আশা প্রকাশ করেন জামায়াতের আমির।

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু

Source: thedailycampus.com

Back to top button