আগের জেলা প্রশাসককে আমরা ইচ্ছা করে বদলি করে দিয়েছি: মেহেদী রুমী

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:
কুষ্টিয়ার সাবেক জেলা প্রশাসক ইকবাল হোসেনকে বিএনপির লোকজন বদলি করিয়েছে বলে মন্তব্য করেছেন কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনে বিএনপির পরাজিত প্রার্থী সৈয়দ মেহেদী আহমেদ রুমী।
তিনি বলেন,"আগের জেলা প্রশাসককে আমরা ইচ্ছা করে বদলি করে দিয়েছি। কারণ, গর্ভমেন্ট আমাদের তো। আমি একজন সিনিয়র লোক, ৭৩ বছর বয়স। উনি (জেলা প্রশাসক) এ রকম কাজ করবেন বুঝতে পারেনি। বুঝতে পারলে আমরা আগেই ব্যবস্থা নিতাম।"
স্বাধীনতা দিবস উপলক্ষে বৃহস্পতিবার (২৬ মার্চ) কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
সম্প্রতি শুক্রবার (২৭ মার্চ) তার ওই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এনিয়ে জেলাজুড়ে বইছে নানা আলোচনা-সমালোচনার ঝড়।
বক্তব্যে মেহেদী আহমেদ রুমী আরও বলেন,"নির্বাচন সুষ্ঠু হলে আমি এক লাখ ভোটের ব্যবধানে জয়ী হতাম, আমাকে হারিয়ে দেওয়া হয়েছে। প্রশাসনের কিছু গাদ্দার ও আমাদের দলের কিছু গাদ্দার মিলে আমাকে ৫ হাজার ভোটের ব্যবধানে হারিয়ে দিয়েছে। আমি ১ লাখ ৪০ হাজার ভোট পেয়েছি। কুষ্টিয়ার আগের জেলা প্রশাসক ( ইকবাল হোসেন) গাদ্দারি করেছে, কুমারখালী উপজেলা প্রশাসন গাদ্দারি করেছে, খোকসা উপজেলা প্রশাসন গাদ্দারি করেছে। জানি না আমার অপরাধ কি? আমরা একটু কথা বলি, সত্য বলার চেষ্টা করি, এটাই আমার অপরাধ।"
তিনি আরও বলেন,"আমি নির্বাচনে ভোট গননার জন্য হাইকোর্টে মামলা করেছি। হাইকোর্ট একসেপ্ট করেছে। ২৪জুন শুনানি আছে। আমার বিশ্বাস, ভোট পূর্ন গননা হবে। আমি বিজয়ী হবো, হবো, হবো ইনশাআল্লাহ।"
আলোচনা সভায় সভাপতিত্ব করেন কুষ্টিয়ার জেলা প্রশাসক তৌহিদ-বিন-হাসান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক ও সাবেক এমপি অধ্যক্ষ সোহরাব উদ্দিন, পুলিশ সুপার জসীম উদ্দীন, বীর মুক্তিযোদ্ধা রফিকুল আলম টুকু প্রমুখ।
প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু
Source: npbnews.com

