ট্রাম্প ‘মানসিক ভারসাম্যহীন’ ব্যক্তির মতো কথা বলছেন: মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:
ইরানকে ঘিরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক হুমকির কঠোর সমালোচনা করেছেন দেশটির জ্যেষ্ঠ সিনেটর বার্নি স্যান্ডার্স। ট্রাম্পের সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টগুলোকে তিনি 'বিপজ্জনক এবং মানসিকভাবে ভারসাম্যহীন ব্যক্তির মতো প্রলাপ' বলে উল্লেখ করেছেন। রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানায় সংবাদমাধ্যম আল জাজিরা।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে স্যান্ডার্স লিখেছেন, 'ইরানে যুদ্ধ শুরু করার এক মাস পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কাছ থেকে এ ধরনের বিবৃতি আসছে!' মার্কিন কংগ্রেসকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, 'কংগ্রেসকে এখনই পদক্ষেপ নিতে হবে। এই যুদ্ধ বন্ধ করুন।'
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক পোস্টে ডোনাল্ড ট্রাম্প বলেন, 'মঙ্গলবার হবে ইরানের বিদ্যুৎকেন্দ্র আর সেতু (হামলার) দিবস, সব মিলিয়ে একাকার। এর আগে এমন কিছু আর কখনো দেখা যায়নি!!! "ওপেন দ্য ফাকিং স্ট্রেইট (প্রণালি খুলে দে), ইউ ক্রেজি বাস্টার্ডস", নয়তো তোমরা নরকের মধ্যে বাস করবে- শুধু দেখে যাও! সকল প্রশংসা আল্লাহর জন্য।'
ইরান পিছু হটার কোনো লক্ষ্মণ না দেখানো এবং প্রতিবেশী আরব দেশগুলোর অর্থনৈতিক ও অবকাঠামোগত লক্ষ্যবস্তুতে হামলা অব্যাহত রাখার প্রেক্ষাপটে ট্রাম্পের এই মন্তব্য এল। হরমুজ প্রণালির ওপর ইরানের নিয়ন্ত্রণ বজায় রাখায় ট্রাম্প এর আগেই হুমকি দিয়ে বলেছিলেন, সোমবারের মধ্যে এটি খুলে না দিলে তিনি ইরানে 'পুরো নরক' নামিয়ে আনবেন। মধ্যস্থতাকারীরা যুদ্ধের অগ্রগতির দাবি করলে তিনি এর আগে বেশ কয়েকবার সময়সীমা বাড়ালেও এবার তার ভাষায় চরম ক্ষোভ ফুটে উঠেছে।
প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু
Source: thedeltalens.com

