Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Bd বাংলাদেশ

চট্টগ্রাম ডিসি কার্যালয়ের সামনে নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের রহস্যময় মানববন্ধন

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:

চট্টগ্রাম জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয় প্রাঙ্গণে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীদের মানববন্ধনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। বুধবার (১৫ এপ্রিল) সকাল থেকে ভিডিওটি বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়লে নগরজুড়ে চাঞ্চল্য ও আলোচনার সৃষ্টি হয়।

ভিডিওটি ফেসবুকে শেয়ার করেন নগর ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও যুবলীগ নেতা হিসেবে পরিচিত গোলাম সামদানি জনি। মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি দাবি করেন, বুধবার সকাল সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও ছবিতে দেখা যায়, ভোরের দিকে সরকারি কার্যক্রম শুরু হওয়ার আগেই ব্যানার ও প্ল্যাকার্ড হাতে ডিসি কার্যালয়ের সামনে মানববন্ধনে অংশ নেন কয়েকজন নেতা-কর্মী। এতে বাংলাদেশ আওয়ামী লীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানানো হয়। ভিডিওতে থাকা ব্যানারে গোলাম সামদানি জনির নামও দেখা গেছে। নিজের ফেসবুক ওয়ালে ভিডিওটি পোস্ট করে জনি উল্লেখ করেন যে, যুবলীগের কেন্দ্রীয় নেতাদের নির্দেশনায় এই কর্মসূচি পালন করা হয়েছে।

তবে পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, ভিডিওটি ঠিক কবেকার তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। নগরের কোতোয়ালি থানাধীন কোর্ট হিল এলাকায় জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারের কার্যালয়সহ অত্যন্ত গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনা রয়েছে, যেখানে ২৪ ঘণ্টা নিরাপত্তা ব্যবস্থা থাকে। এমন কড়া নিরাপত্তার মধ্যে কীভাবে এই কর্মসূচি সম্পন্ন হলো, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন বলেন, ‘ভিডিওটি নজরে আসার পরপরই আমরা গুরুত্বের সাথে বিষয়টি খতিয়ে দেখেছি। সংশ্লিষ্ট এলাকার সিসিটিভি ফুটেজ যাচাই করা হয়েছে, তবে সাম্প্রতিক সময়ের কোনো ফুটেজে এমন কোনো ঘটনার প্রমাণ পাওয়া যায়নি।’

ওসি আরও জানান, ভিডিওটি পুরোনো কোনো ঘটনার হতে পারে, যা বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশ্যে নতুন করে ছড়ানো হচ্ছে। বিষয়টি নিশ্চিত হতে এবং এর পেছনে জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে বলেও তিনি জানান।

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু

Source: thedailycampus.com

Back to top button