জাতীয়

চীনের এআই জোট ওয়াইকোতে যুক্ত হচ্ছে বাংলাদেশ

সাংহাইভিত্তিক ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কো-অপারেশন অর্গানাইজেশনে (ওয়াইকো) প্রাথমিকভাবে পর্যবেক্ষক হিসেবে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফেসবুক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সাংহাইভিত্তিক ওয়াইকো একটি আন্তঃসরকারি সংস্থা, যা গত ১৬ জুলাই আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে বৈশ্বিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে চীন এই নতুন আন্তর্জাতিক জোট গঠন করেছে।

ওয়াইকোর লক্ষ্য হলো উদ্ভাবনের ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা আরও গভীর করা, বিশ্বব্যাপী ডিজিটাল বিভাজন কমিয়ে অন্তর্ভুক্তিমূলক উন্নয়নকে উৎসাহিত করা এবং এআই প্রযুক্তির বিকাশের জন্য উন্মুক্ত, ন্যায্য ও বৈষম্যহীন পরিবেশ নিশ্চিত করা।

এ ছাড়া, এআই প্রযুক্তি যাতে মানুষের জন্য নিরাপদ ও উপকারী হয়, সে লক্ষ্য সামনে রেখে এআই-সংক্রান্ত প্রবিধান উন্নয়নে কাজ করবে সংস্থাটি।

গত ১৬ জুলাই আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করা ওয়াইকোর প্রতিষ্ঠাকালীন সদস্য হিসেবে ২৯টি দেশ যোগ দিয়েছে। সদস্যদের মধ্যে রয়েছে ইন্দোনেশিয়া, ব্রাজিল, মালয়েশিয়া, দক্ষিণ আফ্রিকা, সেনেগাল, রাশিয়া ও পাকিস্তানসহ গ্লোবাল সাউথের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দেশ।

source: Daily Amar Desh

Leave a Reply

Back to top button