News
ভোটের মাধ্যমেই নির্বাচনে পাস করতে হবে, অন্য কোনো বিকল্প নেই: ইসি সানাউল্লাহ

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনেও শতভাগ ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা, বডি-অন ক্যামেরা ও ড্রোনের মাধ্যমে নজরদারির ব্যবস্থা রাখা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।
রাজনৈতিক দলগুলোর উদ্দেশে তিনি বলেছেন, ‘নির্বাচনে ভোটের মাধ্যমেই পাস করতে হবে, অন্য কোনো বিকল্প থাকবে না। ভোটের বাইরে অন্য কোনো পদ্ধতি অবলম্বনের চেষ্টা করা হলে নির্বাচন কমিশন তা কঠোরভাবে প্রতিহত করবে।’
রবিবার (২৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে এসব কথা বলেন তিনি।
সংলাপে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রস্তাব ও মতামতের প্রশংসা করে ইসি সানাউল্লাহ বলেন, “আলোচনায় সাংবিধানিক, আইনগত, নৈতিক ও সাংস্কৃতিক বিষয়সহ নির্বাচনসংশ্লিষ্ট নানা দিক উঠে এসেছে। যেসব প্রস্তাব স্বল্পমেয়াদে বাস্তবায়ন সম্ভব, সেগুলো আসন্ন নির্বাচনেই কার্যকর করা হবে। অন্য বিষয়গুলো দীর্ঘমেয়াদে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।”
নির্বাচনকে সম্মিলিত প্রচেষ্টার বিষয় উল্লেখ করে তিনি বলেন, “সুষ্ঠু নির্বাচন আয়োজন শুধু নির্বাচন কমিশনের একার পক্ষে সম্ভব নয়। সুইডেনের উদাহরণ দিয়ে তিনি জানান, দেশটিতে মাত্র ৬৫ জন জনবল দিয়ে নির্বাচন কমিশন পরিচালিত হয়। অন্যদিকে বাংলাদেশের জাতীয় নির্বাচনে প্রায় ১৭ লাখ জনবলের প্রয়োজন হয়েছে। তাই নির্বাচন সুষ্ঠু করতে সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ দায়িত্ব সচেতনভাবে পালন করতে হবে।”
আরও পড়ুন
নির্বাচনে পোলিং এজেন্টদের ভূমিকার গুরুত্ব তুলে ধরে তিনি জানান, জাতীয় নির্বাচনে প্রধান দলগুলো প্রায় সব কেন্দ্রে এজেন্ট নিয়োগ দিয়েছিল। এজেন্টদের স্বাক্ষরযুক্ত কেন্দ্রভিত্তিক ফলাফলও কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। ভবিষ্যতে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার মাধ্যমে ফলাফল প্রক্রিয়াকরণের ধাপ কমিয়ে কেন্দ্রেই ঘোষিত ফলাফল চূড়ান্ত করার বিষয়টি বিবেচনা করছে কমিশন। স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক না থাকলেও প্রার্থীদের যোগ্য পোলিং এজেন্ট নিয়োগের আহ্বান জানান তিনি।
নির্বাচনী সহিংসতা প্রসঙ্গে ইসি সানাউল্লাহ বলেন, “অতীতে জাতীয় নির্বাচনে সর্বনিম্ন ৫৬ জন নিহত হওয়ার রেকর্ড থাকলেও সর্বশেষ ত্রয়োদশ জাতীয় নির্বাচনে প্রাণহানির ঘটনা ঘটেছে দুটি। তাঁর দাবি, বাংলাদেশের ইতিহাসে এবারই প্রথম নির্বাচনের দিন কোথাও ঘুষি বা মারামারির ঘটনা ঘটেনি।”
রাজনৈতিক নেতাদের উদ্দেশে তিনি বলেন, “কেন্দ্রীয় নেতারা সহিংসতা পরিহারের নির্দেশ দিলে তৃণমূল পর্যায়েও এর ইতিবাচক প্রভাব পড়বে।”
নির্বাচনে প্রযুক্তির ব্যবহার প্রসঙ্গে তিনি জানান, দৈবদুর্বিপাক না ঘটলে স্থানীয় নির্বাচনের শতভাগ কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা, বডি-অন ক্যামেরা ও ড্রোনের মাধ্যমে নজরদারি করা হবে। পাশাপাশি ‘সুরক্ষা অ্যাপের’ মাধ্যমে এক মিনিটের মধ্যেই যেকোনো অনিয়মের তথ্য নির্বাচন কমিশনে পাঠানো যাবে। কমিশনে একটি মনিটরিং সেলও থাকবে, যেখানে রাজনৈতিক দলের প্রতিনিধিরা এসে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে পারবেন।
অভিযোগের তদন্ত ও নির্বাচনী ট্রাইব্যুনালের দীর্ঘসূত্রতা প্রসঙ্গে তিনি বলেন, “অনেক সময় সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ ও সাক্ষী ছাড়াই অর্থ বিতরণের মতো অভিযোগ করা হয়। ফলে তাৎক্ষণিকভাবে এসব অভিযোগের ব্যবস্থা নেওয়া কঠিন হয়। এ ছাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের বিরোধ নিষ্পত্তিতে দীর্ঘসূত্রতা রয়েছে। বিচার বিভাগের সঙ্গে সমন্বয় করে এ সমস্যা সমাধানের চেষ্টা চলছে।”
ইসি সানাউল্লাহ বলেন, “বর্তমান কমিশনের জন্য বড় সুবিধা হলো, আন্দোলনের মধ্য দিয়ে আসা সবাই এখন একটি ভালো নির্বাচন চান। তবে প্রান্তিক পর্যায়ের কিছু প্রার্থী ও জনগোষ্ঠীর মধ্যে অতীতের নির্বাচনী অনিয়মের প্রবণতা এখনো রয়ে গেছে। সম্মিলিত প্রচেষ্টায় এ অপসংস্কৃতি দূর করতে হবে। নির্বাচন কমিশন কোনো অনিয়মকেই হালকাভাবে নেবে না বা ছাড় দেবে না।”
source: The Dhaka Diary