সর্বশেষ

ইরানে বড় হামলা না চালাতে ট্রাম্পকে সৌদির আহ্বান

ইরান-যুক্তরাষ্ট্রের চলমান উত্তেজনার মধ্যে সৌদি আরবের প্রধানমন্ত্রী ও যুবরাজ মোহাম্মদ বিন সালমান (এমবিএস) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক হামলা থেকে বিরত থাকার আহ্বানজানিয়েছেন। শনিবার এক টেলিফোন আলাপের সময় তিনি এই আহ্বান জানান।

মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের বরাত দিয়ে আল মায়েদিন নিউজ এজেন্সি জানিয়েছে, ইরানের বেসামরিক জ্বালানি অবকাঠামোকে লক্ষ্য করে সম্ভাব্য হামলার পরিকল্পনা নিয়ে আলোচনা শুরু হওয়ার পরই সৌদি আরব উদ্বেগ প্রকাশ করে। তবে এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত নির্দেশ দেননি প্রেসিডেন্ট ট্রাম্প।
প্রতিবেদন অনুযায়ী, ইরানের জ্বালানি স্থাপনায় সম্ভাব্য হামলার আশঙ্কা ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যকার উত্তেজনা আরও বাড়িয়ে দিতে পারে বলে মনে করছে রিয়াদ।

সৌদি কর্মকর্তারা ওয়াশিংটনের পরবর্তী পদক্ষেপ সম্পর্কে স্পষ্ট অবস্থান জানতে চেয়েছেন। এক মার্কিন কর্মকর্তা জানান, সৌদি আরব যুদ্ধসংক্রান্ত মার্কিন পরিকল্পনা সম্পর্কে পরিষ্কার বার্তা প্রত্যাশা করছে।

এদিকে সৌদি সূত্রের দাবি, যুবরাজ মোহাম্মদ বিন সালমান ট্রাম্পকে উত্তেজনা প্রশমিত করার এবং সামরিক হামলার পরিকল্পনা থেকে সরে আসার অনুরোধ জানিয়েছেন। তবে এ বিষয়ে হোয়াইট হাউস কিংবা ওয়াশিংটনে অবস্থিত সৌদি দূতাবাস আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।

অন্যদিকে, যুক্তরাষ্ট্র বা ইসরাইলের যেকোনো হামলার কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, ইরান তার সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা ও জাতীয় নিরাপত্তা রক্ষায় প্রস্তুত। তিনি আরও সতর্ক করেন, যুক্তরাষ্ট্র বা ইসরাইলকে সহযোগিতা করলে সংশ্লিষ্ট আঞ্চলিক দেশগুলোকেও উপযুক্ত জবাবের মুখোমুখি হতে হবে।

ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিটির মুখপাত্র ইব্রাহিম রেজাইও সতর্ক করে বলেছেন, যেকোনো হামলার জবাবে ইরানের প্রতিক্রিয়া শুধু উপসাগরীয় অঞ্চলে সীমাবদ্ধ থাকবে না; যেখান থেকেই হামলা হোক না কেন, তার জবাব দেওয়া হবে।
সূত্র: আল মায়েদিন

source: Azadir Dak

Leave a Reply

Back to top button