News

বিদ্যুৎ নিয়ে সমালোচনা বিচারকের, আদালত ভাঙচুর করলেন স্বেচ্ছাসেবক দল-ছাত্রদলের নেতারা

চাঁপাইনবাবগঞ্জে আদালতের এজলাসে বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে সরকারের সমালোচনা করার অভিযোগে মো. উজ্জল হোসেন নামের এক যুগ্ম জেলা ও দায়রা জজের বিরুদ্ধে বিক্ষোভ ও ভাঙচুর চালিয়েছে স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা। রবিবার (৯ আগস্ট) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের দ্বিতীয় ভবনের সামনে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা যায়, আওয়ামী লীগ সরকারের আমলের একটি মামলায় হাজিরা দিতে নেতাকর্মীরা আদালতে উপস্থিত হলে বিচারক মো. উজ্জল হোসেন দেশের বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে সরকারের সমালোচনা করেন। এতে ক্ষুব্ধ হয়ে নেতাকর্মীরা এজলাস কক্ষে ঢুকে সরঞ্জাম ভাঙচুর করেন এবং পরবর্তীতে আদালতের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন।

বিক্ষোভকালে জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বাবর আলী ও জেলা ছাত্রদলের সভাপতি ফজলে আজিম মিম ওই বিচারককে ‘ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে আগামী ৭২ ঘণ্টার মধ্যে তাঁকে প্রত্যাহারের দাবি জানান। নির্দিষ্ট সময়ের মধ্যে প্রত্যাহার করা না হলে আরও কঠোর কর্মসূচির হুমকি দেন তাঁরা।

নেতাকর্মীদের আইনজীবী রফিকুল ইসলাম টিপু জানান, আদালত থেকে বের হওয়ার পরই নেতাকর্মীরা বিক্ষোভ শুরু করে, পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে আসে। তবে এ ঘটনার বিষয়ে অভিযুক্ত বিচারক মো. উজ্জল হোসেনের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

source: The Daily Campus

Leave a Reply

Back to top button