এসএসসির ফল আজ, জানা যাবে যেভাবে

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হবে আজ সোমবার (১০ আগস্ট)। সকাল ১০টায় সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ফল ঘোষণা করবেন।
ফল প্রকাশের পর শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি শিক্ষা বোর্ডের ওয়েবসাইট ও মোবাইল ফোনের এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবে।
শিক্ষা বোর্ডগুলোর সমন্বিত ওয়েবসাইট eduboardresults.gov.bd ও educationboardresults.gov.bd-এ প্রবেশ করে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফল দেখা যাবে। এ ছাড়া সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের নিজস্ব ওয়েবসাইট থেকেও ফলাফল জানা যাবে।
এসএমএসে ফল জানার নিয়ম
যেকোনো মোবাইল নম্বর থেকে ১৬১৪০ বা ১৬২২২ নম্বরে এসএমএস পাঠিয়ে ফল জানা যাবে। ১৬১৪০ নম্বরে ফল জানতে লিখতে হবে:
SSC <স্পেস> বোর্ডের নামের প্রথম তিন অক্ষর <স্পেস> রোল নম্বর <স্পেস> ২০২৬
এরপর নির্ধারিত নম্বরে এসএমএস পাঠালেই ফল পাওয়া যাবে।
বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানিয়েছে, শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা বোর্ড কিংবা সংবাদপত্রের কার্যালয় থেকে কোনো ফলাফল সরবরাহ করা হবে না।
প্রকাশিত ফলে সন্তুষ্ট না হলে শিক্ষার্থীরা খাতা পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করতে পারবে। এ আবেদন অনলাইনে করা যাবে ১১ থেকে ১৭ আগস্ট পর্যন্ত।
এবারের এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয় ২১ এপ্রিল। সাধারণ শিক্ষা বোর্ডগুলোর লিখিত পরীক্ষা শেষ হয় ২০ মে। অন্যদিকে দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার লিখিত অংশ শেষ হয় ২৪ মে।
সাধারণত লিখিত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। সে হিসাবে গত ২০ জুলাই ফল প্রকাশের কথা থাকলেও এবার নির্ধারিত সময়ের প্রায় তিন সপ্তাহ পর ফল প্রকাশ করা হচ্ছে।
source: Azadir Dak