তোমাদের বয়স হয়েছে, ভালো জায়গায় বিয়ে করিয়ে দেব: ছাত্র সংসদ নেতাদের জামায়াত আমির

ছাত্র সংসদের নেতাদের বিয়ের বয়স হয়েছে, এবার তাদের জন্য উপযুক্ত জীবনসঙ্গী খুঁজে বিয়ের আয়োজনেও পাশে থাকতে চান জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার বাসভবনে ‘বিয়ন্ড ক্যাম্পাস: লিডিং টুমরো’ শীর্ষক অনুষ্ঠানে এমন আশ্বাস দেন তিনি।
অনুষ্ঠানের প্রশ্নোত্তর পর্বে ডাকসুর স্বাস্থ্য ও পরিবেশবিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মিনহাজ ছাত্র সংসদের নেতাদের কর্মসংস্থান ও ভবিষ্যৎ নেতৃত্বের পাশাপাশি তাদের বিয়ের বিষয়টি তুলে ধরেন। এ সময় ডাকসুর দুই নেতা এবি জুবায়ের ও মাজহারের বিয়ের প্রসঙ্গও আসে।
জবাবে শফিকুর রহমান বলেন, “তাদের বয়স হয়েছে, এখন বিয়ে করে সংসারী হওয়া উচিত।” তাদের বিয়ের ক্ষেত্রে তিনি সহযোগিতা করবেন এবং ভালো পরিবারে উপযুক্ত জীবনসঙ্গী খুঁজে দেওয়ার চেষ্টা করবেন।
বিয়ে প্রসঙ্গে অধ্যাপক গোলাম আযমের একটি বক্তব্য উল্লেখ করে জামায়াত আমির বলেন, “বিয়ে শুধু ব্যক্তিগত আনন্দের বিষয় নয়, সমাজ ও সভ্যতা গঠনেরও গুরুত্বপূর্ণ অংশ। উপযুক্ত সময়ে বিয়ে ও সন্তান নেওয়ার প্রবণতা কমে গেলে ভবিষ্যতে জনসংখ্যাগত সংকট তৈরি হতে পারে।”
তরুণদের কর্মসংস্থান ও ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে তিনি বলেন, “শুধু চাকরির পেছনে না ছুটে তরুণদের নেতৃত্ব, উদ্ভাবন ও উদ্যোক্তা হওয়ার দিকে মনোযোগী হতে হবে।” তাদের চাকরিপ্রার্থী হিসেবে নয়, নেতৃত্বের জায়গায় প্রতিষ্ঠিত দেখতে চান তিনি।
শফিকুর রহমান আরও বলেন, “তরুণদের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও মতবিনিময়ের মাধ্যমে তাদের সম্ভাবনাকে কাজে লাগাতে চান তারা। তরুণদের হাত ধরেই সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে, যার সুফল ভোগ করবে দেশের ১৮ কোটি মানুষ।”
source: The Dhaka Diary