News

পার্শ্ববর্তী দেশ তিস্তার পানি না দিলে পানি ধরে রাখতে হবে: ত্রাণমন্ত্রী

ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু© প্রতিনিধি
পার্শ্ববর্তী দেশ যদি তিস্তা নদীর উজান থেকে পানি না দেয় তাহলে আমাদেরকে পানি ধরে রাখতে হবে বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।
 
রবিবার (১৬ আগস্ট) বিকেলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নির্মিত ছয়তলা আইসোলেশন ওয়ার্ড উদ্বোধন অনুষ্ঠান শেষে তিনি এ কথা বলেন।
 
ত্রাণমন্ত্রী বলেন, শুকনো মৌসুমে তিস্তায় পানির খুবই সংকট ,আমরা যদি উজান থেকে পানি না পাই এবং পার্শ্ববর্তী দেশ যদি পানি না দেয় তাহলে আমাদেরকে পানি ধরে রাখতে হবে।
 
মন্ত্রী বলেন, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে বিদ্যমান সব ধরনের অসঙ্গতি দূর করে নব উদ্যমে চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালনা করা হবে। এ জন্য জনবল সংকট নিরসন, আধুনিক পরীক্ষা-নিরীক্ষার সরঞ্জাম সরবরাহ এবং হাসপাতালের অবকাঠামোগত ও সেবার মান উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। একই সঙ্গে হাসপাতালকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও দালালমুক্ত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হবে।
 
তিনি আরও বলেন, আগামী ৩০ দিনের মধ্যে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালকে নতুন করে সাজানোর একটি সুস্পষ্ট রূপরেখা জনগণের সামনে তুলে ধরা হবে।
 
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী সংসদ সদস্য অ্যাডভোকেট রেবেকা সুলতানা ফেন্সি, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান শামসুজ্জামান সামু এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

source: The Dhaka Diary

Leave a Reply

Back to top button