আমির হামজার বিচারের দাবিতে ব্যানার ধরা নারীরা বললেন— ‘হুজুরের ব্যাপারে জানি না, হাসিনার বিচার চাই’

কুষ্টিয়া-৩ (সদর) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মুফতি আমির হামজার বিরুদ্ধে মানববন্ধনের নামে এক অভিনব ও হাস্যকর কেলেঙ্কারি সামনে এসেছে। সম্প্রতি তার বিচারের দাবিতে আয়োজিত এক মানববন্ধনে অংশ নেওয়া সাধারণ নারীরা সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানান, তারা মূলত শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করতে এসেছিলেন; অথচ তাদের হাতে থাকা ব্যানারে শোভা পাচ্ছিল মুফতি আমির হামজার ছবি এবং তার বিরুদ্ধে কুৎসিত সব স্লোগান।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে মুফতি আমির হামজার একটি ক্ষমা চাওয়ার ভিডিও ছড়িয়ে পড়ার পর দেশজুড়ে শুরু হয় তীব্র আলোচনা-সমালোচনা। এর রেশ ধরে ‘কুষ্টিয়া সচেতন সমাজ’-এর ব্যানারে একটি মানববন্ধনের আয়োজন করা হয়। যেখানে আমির হামজাকে জড়িয়ে ‘নারী লিপ্সু, চরিত্রহীন, মিথ্যাবাদী, লম্পট’—এমন আক্রমণাত্মক ও কুরুচিপূর্ণ স্লোগান সংবলিত ব্যানার প্রদর্শন করা হয়।
কিন্তু এই মানববন্ধনের আসল চিত্র ফাঁস হয়ে যায় যখন গণমাধ্যমকর্মীরা সেখানে উপস্থিত নারীদের কাছে জানতে চান—তারা ঠিক কার বা কাদের বিরুদ্ধে আন্দোলন করতে এসেছেন। জবাবে ওই নারীরা অত্যন্ত সরলভাবে জানান যে তারা শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করতে এসেছেন।
এ সময় সাংবাদিকরা তাদের দৃষ্টি আকর্ষণ করে বলেন, “ব্যানারে তো শেখ হাসিনার কোনো ছবি নেই; বরং মুফতি আমির হামজার ছবি রয়েছে এবং তার বিরুদ্ধেই বিভিন্ন অভিযোগ লেখা হয়েছে।”
সাংবাদিকদের এমন প্রশ্নে হকচকিয়ে যান উপস্থিত নারীরা। তারা সাফ জানিয়ে দেন যে, ব্যানার বা এর পেছনের বিষয় সম্পর্কে তাদের কোনো ধারণাই ছিল না। মুফতি আমির হামজার বিরুদ্ধে তাদের কোনো ধরনের ব্যক্তিগত বা রাজনৈতিক অভিযোগ নেই এবং তারা মূলত তার বিরুদ্ধে কোনো আন্দোলন করতেও আসেননি। পরবর্তীতে বৃহস্পতিবার (১২ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এই কথোপকথনের ভিডিওটি ভাইরাল হলে দেশজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
ঘটনাটি জানাজানি হওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছেন খোদ সংসদ সদস্য মুফতি আমির হামজা। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় তিনি বলেন, “আমার বিরুদ্ধে মানববন্ধন করতে হলেও এখন ভাড়া করে লোক আনতে হয়—বুঝতেই পারছি, জনপ্রিয়তার পাল্লাটা কোন দিকে ভারী! তবে মনে রাখবেন, ভাড়া করা হাত দিয়ে ব্যানার ধরা যায়, মানুষের ভালোবাসা অর্জন করা যায় না।”
উল্লেখ্য, গত ৫ নভেম্বর কুষ্টিয়া-৩ আসনের জামায়াত এমপি মুফতি আমির হামজার কথিত নারীসংক্রান্ত কিছু অডিও ও ভিডিও থাকার বিস্ফোরক দাবি করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তার দাবি ছিল, এ সংক্রান্ত তথ্যপ্রমাণ যাচাই-বাছাই করেই তিনি তা প্রকাশ করেছেন।
পরবর্তীতে গত ১০ নভেম্বর স্বনামধন্য ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান ‘দ্য ডিসেন্ট’ জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই অডিওগুলোতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহারের কোনো সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়নি। একাধিক অনলাইন টুলের মাধ্যমে পরীক্ষা করে বিষয়টি জানানো হলেও, অডিওর ভেতরের কথোপকথনের প্রকৃত সত্যতা, প্রেক্ষাপট কিংবা সংশ্লিষ্টদের পূর্ণাঙ্গ বক্তব্য সে সময় নিশ্চিত করা সম্ভব হয়নি বলে উল্লেখ করেছিল প্রতিষ্ঠানটি।
source: Azadir Dak