কোরআন-সুন্নাহর আদর্শে সম্প্রীতির বাংলাদেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

পবিত্র কোরআন ও রাসূলুল্লাহ (সা.)-এর সুমহান আদর্শ অনুসরণ করে একটি ন্যায়ভিত্তিক, মানবিক, শান্তিপূর্ণ ও কল্যাণমুখী বাংলাদেশ গড়তে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগির।
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ‘আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।
রাষ্ট্রপতি বলেন, আলেমগণ মানুষকে সত্য, ন্যায় ও মানবতার পথ দেখান এবং সমাজে তাদের গভীর প্রভাব রয়েছে। সমাজ থেকে দুর্নীতি, মাদক, সন্ত্রাস, সাম্প্রদায়িক হিংসা-বিদ্বেষ এবং নারী ও শিশু নির্যাতন দূর করতে আলেমরা আরও কার্যকর ভূমিকা রাখতে পারেন। এ সময় তিনি তরুণদের নৈতিকতা, দেশপ্রেম ও মানবিকতায় উদ্বুদ্ধ করতে আলেমদের এগিয়ে আসার প্রত্যাশা ব্যক্ত করেন।
আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিদের সাফল্যের প্রশংসা করে রাষ্ট্রপতি বলেন, এ দেশের কারি ও হাফেজরা তাদের মেধা ও যোগ্যতার স্বাক্ষর রেখে চলেছেন এবং দেশের সুনাম বৃদ্ধি করছেন, যা আমাদের জাতীয় গৌরবের বিষয়। একই সঙ্গে তিনি বাংলাদেশের সমৃদ্ধ কোরআনিক ঐতিহ্যকে আরও এগিয়ে নিতে প্রাতিষ্ঠানিক উদ্যোগ গ্রহণ, আন্তর্জাতিক মানসম্মত শিক্ষা নিশ্চিত করা এবং আন্তর্জাতিক পর্যায়ে কার্যকর অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
সাম্প্রদায়িক সম্প্রীতির প্রসঙ্গ টেনে রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ। মহানবী (সা.) অন্যান্য ধর্মাবলম্বীদের সমন্বয়ে যে সমাজব্যবস্থা, পারস্পরিক অধিকার ও শান্তিপূর্ণ অবস্থানের দৃষ্টান্ত স্থাপন করেছেন, জাতীয় জীবনেও শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় তা অনুসরণীয়। তিনি বলেন, “সেই দৃষ্টান্তকে পাথেয় করেই আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাঁই, যেখানে ধর্মপ্রাণ মানুষ স্বাধীনভাবে ধর্ম পালন করবে, সব ধর্মের মানুষ নিরাপদ ও সম্মানজনক জীবনযাপন করবে এবং ন্যায়বিচার, সাম্য, মানবিক মর্যাদা ও পারস্পরিক সৌহার্দ হবে রাষ্ট্র ও সমাজের ভিত্তি।”
ইসলামের প্রচার ও প্রসারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অবদানের কথা স্মরণ করে তিনি বলেন, সেই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার ইসলামি মূল্যবোধের প্রতি শ্রদ্ধা এবং ধর্মীয় প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট ব্যক্তিদের কল্যাণে কাজ করছে। পাশাপাশি সব ধর্মের সহাবস্থান, স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করতেও সরকার বদ্ধপরিকর।
বিভেদ, প্রতিহিংসা ও প্রতিশোধ দীর্ঘমেয়াদে সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, অতীতের ফ্যাসিবাদ, দুর্নীতি ও অন্যায়ের পুনরাবৃত্তি রোধে সবাইকে ঐক্যবদ্ধ ও সদা সতর্ক থাকতে হবে।
এআর
source: Barta Bazar