শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা ‘ভিলেন অভিনেত্রী’: মেজর হাফিজ

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ও ভোলা-৩ আসনের সংসদ সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম অভিযোগ করেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা ‘ভিলেন অভিনেত্রী’। তিনি দাবি করেন, গুম হওয়া ব্যক্তিদের স্বজনদের গণভবনে ডেকে এনে মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিলেও ভেতরে তাঁর হিংস্র মনোভাব লুকিয়ে ছিল। শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে লালমোহন উপজেলা অডিটোরিয়ামে নাগরিক সমাজের উদ্যোগে আয়োজিত বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা বিএনপির সভাপতি জাফর ইকবালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুলের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় মেজর হাফিজ বলেন, গুম হওয়া স্বজনদের ফেরত দেওয়ার আশ্বাস দিতেন শেখ হাসিনা, অথচ তিনি নিজেই জানতেন তারা কোথায় আছে। তাঁর ভাষ্যমতে, এসব অভিনয় দেখে তখন মানুষ না বুঝলেও আন্তর্জাতিক ট্রাইব্যুনালে গুমের শিকার ব্যক্তিদের সাক্ষ্যের পর এখন পরিষ্কার প্রমাণিত হয়েছে যে শেখ হাসিনাই ছিলেন গুমের মূল নির্দেশদাতা। এ প্রসঙ্গে এক ব্যারিস্টারকে দীর্ঘ আট বছর ‘আয়নাঘরে’ বন্দি রাখার নির্মমতার কথা তুলে ধরে তিনি জানান, তিনি মুক্ত হয়ে বর্তমানে সংসদ সদস্য হয়েছেন।
বিগত সরকারের আমলের দুর্নীতি ও লুটপাটের চিত্র তুলে ধরে স্পিকার বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে একটি বালিশের দাম ৬০ হাজার টাকা এবং পর্দার দাম ৪২ হাজার টাকা ধরা হয়েছিল। এছাড়া তৎকালীন এক ভূমি প্রতিমন্ত্রীর লন্ডনে ৩৬০টি বাড়ি থাকার প্রসঙ্গ টেনে তিনি অভিযোগ করেন, বাস্তবায়নের নামে প্রকল্পের কাজ না করে কোটি কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে।
লালমোহনের স্থানীয় রাজনীতি ও তৎকালীন পরিস্থিতির বর্ণনা দিয়ে মেজর হাফিজ বলেন, ২০১০ সালের উপনির্বাচনে ঢাকা থেকে সন্ত্রাসী এনে নেতাকর্মীদের রামদা দিয়ে কোপানো ও বাড়িঘর ভাঙচুর করা হয়েছিল। তাঁর নির্বাচনী প্রধান সমন্বয়ক ও সাবেক এমপি নাজিম উদ্দিন আলমকে পিটিয়ে আহত করা হলে তিনি হাসপাতালে দেখতে গিয়েও বাধাগ্রস্ত হন।
বক্তব্যের শেষ পর্যায়ে উপস্থিত জনতার উদ্দেশ্যে তিনি প্রশ্ন করেন, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও স্পিকার হিসেবে তাঁর দায়িত্ব পালনে তারা সন্তুষ্ট কি না। সংসদীয় পদ্ধতির আদলে তৎক্ষণাৎ নেওয়া ‘হ্যাঁ-না’ ভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত হলে উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের করতালি ও উল্লাসের মধ্য দিয়ে সভা শেষ হয়।
source: Azadir Dak