বেনাপোল স্থলবন্দরে ভারত-বাংলাদেশ বাণিজ্যে ধস

টানা তিন অর্থবছর ধরে বেনাপোল স্থলবন্দরে ভারত-বাংলাদেশ বাণিজ্যে নিম্নমুখী প্রবণতা চলছে। এর মধ্যে সবশেষ ২০২৫-২৬ অর্থবছরে ভারতে রপ্তানির পরিমাণ ৫৩.১১ শতাংশ ও আর্থিক মূল্য ৬৯.৩ শতাংশ কমেছে। একই সময়ে আমদানি কমেছে প্রায় ১৮.৫ শতাংশ এবং সাফটা সুবিধায় শুল্কমুক্ত ও স্বল্পশুল্কের পণ্য আমদানি বাড়ায় রাজস্ব আদায়েও চাপ তৈরি হয়েছে। এলসি জটিলতা, জ্বালানি সংকট, শিল্পের উৎপাদনে ধীরগতি ও বন্দর-অবকাঠামোর সীমাবদ্ধতায় বেনাপোলের বাণিজ্য এখন বড় চ্যালেঞ্জের মুখে।
বেনাপোল কাস্টম হাউস সূত্রে জানা গেছে, গত তিন অর্থবছরে এই বন্দর দিয়ে ভারত থেকে মোট ৪৭ লাখ ১৭ হাজার ৩৬৩ টন পণ্য আমদানি হয়েছে, যার শুল্কায়নযোগ্য মূল্য ৮১ হাজার ৬৩২ কোটি টাকা। একই সময়ে বাংলাদেশ থেকে ভারতে ১০ লাখ ৩৫ হাজার ৬৭৯ টন পণ্য রপ্তানি হয়েছে, যার মূল্য ২৯ হাজার ৪৯৯ কোটি টাকা।
কাস্টমস কর্মকর্তারা জানান, দক্ষিণ এশীয় মুক্ত বাণিজ্য চুক্তি বা সাফটা সুবিধায় আমদানি বাড়ায় গড় শুল্কহার কমেছে। ২০২৫-২৬ অর্থবছরে মোট আমদানি চালানের প্রায় ৩৫ শতাংশই এসেছে সাফটা সুবিধায়, যা আগের দুই অর্থবছরে ছিল যথাক্রমে ১১ ও ৭ শতাংশ। শুল্কমুক্ত ও কম শুল্কের পণ্যের আধিক্যে রাজস্ব আদায়ে চাপ সৃষ্টি হয়েছে।
source: Daily Amar Desh