News

দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি পাবেন না যারা

সংগৃহীত
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারি কর্মচারীরা এবার টানা পাঁচ দিনের ছুটি পাবেন। ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত তিন দিন সরকারি ছুটি এবং এর সঙ্গে ২৩ ও ২৪ অক্টোবর সাপ্তাহিক ছুটি মিলিয়ে ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত ছুটি থাকবে।
 
তবে এই ছুটি সবার জন্য প্রযোজ্য নয়। জরুরি ও জনসেবামূলক বিভিন্ন প্রতিষ্ঠান এবং এসব প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা সাধারণ ছুটির আওতার বাইরে থাকবেন।
 
বুধবার (৭ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
 
প্রজ্ঞাপন অনুযায়ী, বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি সরবরাহ, ফায়ার সার্ভিস, বন্দর, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট এবং ডাক সেবার সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও কর্মীরা ছুটি পাবেন না। এসব সেবার সঙ্গে যুক্ত যানবাহন ও কর্মীরাও ছুটির আওতামুক্ত থাকবেন।
 
এ ছাড়া হাসপাতাল ও জরুরি চিকিৎসাসেবা চালু থাকবে। চিকিৎসক, নার্সসহ চিকিৎসাসেবার সঙ্গে সংশ্লিষ্ট কর্মী এবং ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পরিবহনে নিয়োজিত যানবাহন ও কর্মীরাও সাধারণ ছুটি পাবেন না।
 
জরুরি কাজের সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য অফিসও প্রয়োজন অনুযায়ী খোলা থাকবে।
 
ব্যাংকিং কার্যক্রম কীভাবে চলবে, সে বিষয়ে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় নির্দেশনা দেবে। আদালতের কার্যক্রম পরিচালনার বিষয়ে নির্দেশনা দেবে সুপ্রিম কোর্ট।
 
বেসরকারি শিল্পপ্রতিষ্ঠান, কলকারখানা ও অন্যান্য প্রতিষ্ঠানের ক্ষেত্রে সাধারণ ছুটির বিষয়ে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ অনুযায়ী শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় প্রয়োজনীয় নির্দেশনা দেবে।
 
এদিকে, দুর্গাপূজার ছুটির আগের দিন ১৭ অক্টোবর শনিবার সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস খোলা থাকবে।

source: The Dhaka Diary

Leave a Reply

Back to top button