‘মন্ত্রী মহোদয়দের মাথায় ঢুকিয়ে দেয়া হয়েছে, টিকিট ইস্যুতে কোনো সমস্যা নেই, সার্ভারে ম্যানিউপুলেশন হয় না’ : সাবেক অতিরিক্ত সচিব মাহবুব কবির মিলন

অনলাইনে নয়, রেলের টিকিট মিলছে ফটোকপি ও স্টেশনারি দোকানে। এমন অভিযোগ তুলেছেন সাবেক অতিরিক্ত সচিব মো. মাহবুব কবির মিলন। তাঁর দাবি, রাজধানীর শ্যামলীতে তাঁর বাসার পাশের একটি দোকানেই পাওয়া গেছে টিকিট। রোববার (১ নভেম্বর) ফেসবুকে দেওয়া এক পোস্টে অনলাইনে টিকিট বিক্রির স্বচ্ছতা ও কালোবাজারি নিয়ন্ত্রণ প্রসঙ্গে রেলমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে তিনি এ কথা লেখেন।
পোস্টে মিলন লেখেন, ‘রেলের টিকিট পাবেন ফটোকপির দোকানে। স্টেশনারি দোকানে।’ শ্যামলীর দোকানের তথ্য তিনি দিয়েছেন টিভি রিপোর্টিংয়ের কমেন্টে। বাকিটা পাঠকের ওপর ছেড়ে তাঁর পরামর্শ, অন্য এলাকাতেও নিশ্চয়ই আছে, সবাই যেন নিজ নিজ এলাকায় খুঁজে নেন।
অনলাইনে টিকিট বিক্রির স্বচ্ছতা নিয়ে রেলপথমন্ত্রী বলেছিলেন, অভিযোগের ভিত্তিতে তদন্ত হয়েছে, কিন্তু আমলে নেওয়ার মতো অভিযোগ প্রমাণিত হয়নি; ‘সব ফকফকা’। মিলনের কটাক্ষ, মন্ত্রী এক অর্থে ঠিকই বলেছেন: অনলাইনে যে আগে ঢুকবে, সে-ই টিকিট পাবে, তারপর তা কালোবাজারে বিক্রি করবে। এভাবেই দোকানে দোকানে বেশি দামে মিলছে টিকিট। তাঁর ভাষায়, এটা ঠেকানোর ‘চুল পরিমাণ যোগ্যতা’ রেলের নেই।
তিনি আরও লেখেন, মন্ত্রীদের মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে যে টিকিট ইস্যুতে কোনো সমস্যা নেই, সার্ভারে ম্যানিপুলেশন হয় না, দশ হাজার সন্দেহজনক মোবাইল বা অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে, দেশে কালোবাজারিই নেই। পোস্টের শেষে তাঁর ব্যঙ্গ: মন্ত্রী খুশি, রেল খুশি, সরকার খুশি, মন্ত্রণালয় খুশি, দোকানদার খুশি, কালোবাজারিও খুশি; ‘মরুক মফিজ জনগণ’।
সূত্রঃ ইত্তেফাক
source: The Delta Lens