জাকির নায়েককে ‘কাফের’ বলায় অনুতপ্ত মুফতি আমজাদ আফসারী, ওলীপুরীরও ক্ষমা চাওয়া উচিত বলে মন্তব্য

ড. জাকির নায়েককে নিয়ে অতীতে সমালোচনা ও অপবাদমূলক বক্তব্য দেওয়ার জন্য অনুশোচনা প্রকাশ করেছেন ইসলামি বক্তা মুফতি আমজাদ আফসারী। একই ঘটনায় আল্লামা নুরুল ইসলাম ওলীপুরীরও জাকির নায়েকের কাছে ক্ষমা চাওয়া উচিত বলে মন্তব্য করেছেন তিনি।
সোমবার (২ নভেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে আমজাদ আফসারী বলেন, ‘ড. জাকির নায়েকের ওপর সবচেয়ে বেশি জুলুম ও অপবাদদাতা সম্ভবত আল্লামা নুরুল ইসলাম ওলীপুরী হুজুর। (আল্লাহ হুজুরকে নেক হায়াত দান করুন।) ড. জাকির নায়েকের কাছ থেকে হুজুরের ক্ষমা চেয়ে নেওয়া উচিত।’
তিনি আরও বলেন, ‘আল্লাহ আমাকে কোনো দিন সাক্ষাতের সুযোগ দিলে আমিও ড. জাকির নায়েকের কাছ থেকে ক্ষমা চেয়ে নেব, ইনশাআল্লাহ।’
আমজাদ আফসারী আরও উল্লেখ করেন, ‘দ্বিতীয় বর্ষে পড়াকালীন সাপ্তাহিক বক্তৃতা প্রশিক্ষণে ওলীপুরী হুজুরের একটি বই, নাম সম্ভবত ‘জাকির নায়েকের গোমর ফাঁস’, থেকে আমরা সবাই জ্বালাময়ী বক্তব্য দিয়েছিলাম। হুজুরের অনুপ্রেরণায় আমরাও ইহুদি, কাফের বলে নানারকম অপবাদ দিয়েছিলাম।’
পোস্টের শেষাংশে তিনি লেখেন, ‘আল্লাহ আমাকে মাফ করুন। আমাদের মাফ করুন। আমিন।’
source: The Dhaka Diary