News

প্রধানমন্ত্রীর বহনকারী জাপান ফেরত বিমানে ছিল ৫ যান্ত্রিক ত্রুটি, তদন্তে চাঞ্চল্যকর তথ্য 

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স© সংগৃহীত

জাপান সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে একটি নয়, অন্তত পাঁচটি যান্ত্রিক ত্রুটি শনাক্ত হয়েছিল। উড়োজাহাজটির কারিগরি নথি ও রক্ষণাবেক্ষণের রেকর্ড পর্যালোচনায় এসব ত্রুটির তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় গঠিত তদন্ত কমিটি উড়োজাহাজটির অতীতের ত্রুটি, রক্ষণাবেক্ষণ এবং ভিভিআইপি ফ্লাইটের জন্য সেটি নির্বাচনের যৌক্তিকতা খতিয়ে দেখছে।

গত ২৯ অক্টোবর জাপানের নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রার আগে প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি-৩৭৭-এ যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। উড়োজাহাজটি রানওয়ের দিকে যাওয়ার সময় ককপিটে একাধিক ত্রুটির সংকেত পান পাইলট। পরে উড্ডয়ন বাতিল করে উড়োজাহাজটিকে পার্কিং বে-তে ফিরিয়ে নেওয়া হয়।

বিমানের প্রকৌশল দল ও জাপানি টেকনিশিয়ানদের প্রচেষ্টায় ত্রুটি মেরামত এবং প্রয়োজনীয় কারিগরি ব্যবস্থা নেওয়ার পর প্রায় পাঁচ ঘণ্টা বিলম্বে ফ্লাইটটি ঢাকার উদ্দেশে যাত্রা করে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকে জানানো হয়েছিল, উড়োজাহাজটির হাইড্রোলিক স্পয়লার নম্বর-১-এর কার্যক্রমে সমস্যা দেখা দিয়েছিল। প্রকৌশলীরা সংশ্লিষ্ট স্পয়লারটি নিষ্ক্রিয় করে উড়োজাহাজটিকে উড্ডয়নের উপযোগী করেন।

এ ঘটনার পরদিন, ৩০ অক্টোবর, চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। কমিটিকে ত্রুটির প্রকৃত কারণ শনাক্ত, মেরামতপ্রক্রিয়া পর্যালোচনা, উড়োজাহাজটির উড্ডয়নযোগ্যতা যাচাই এবং এ ঘটনায় কোনো ধরনের অবহেলা বা সমন্বয়হীনতা ছিল কি না, তা নির্ধারণের দায়িত্ব দেওয়া হয়।

তদন্তসংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, উড়োজাহাজটির কারিগরি নথি পর্যালোচনায় স্পয়লার, ফ্ল্যাপ কমান্ড, বাম পাশের পিটোট হিট এবং র‍্যাম ফ্যান-সংক্রান্ত ত্রুটির সংকেত পাওয়া গেছে। এসবের পাশাপাশি অতীতের রক্ষণাবেক্ষণ রেকর্ডও পরীক্ষা করা হচ্ছে। বিশেষ করে গত তিন থেকে ছয় মাসে উড়োজাহাজটিতে কী ধরনের ত্রুটি দেখা দিয়েছিল, সেগুলো যথাযথভাবে মেরামত করা হয়েছিল কি না এবং প্রতিটি মেরামতের পর কে উড্ডয়নযোগ্যতার ছাড়পত্র দিয়েছিলেন, তা খতিয়ে দেখছে কমিটি।

তদন্তে উড়োজাহাজটি নির্বাচনের বিষয়টিও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বিমানের বহরে একাধিক সচল উড়োজাহাজ থাকা সত্ত্বেও অতীতে যান্ত্রিক ত্রুটির ইতিহাস থাকা এস২-এজেওয়াই নিবন্ধনের উড়োজাহাজটি কেন প্রধানমন্ত্রীর মতো ভিভিআইপি যাত্রী বহনের জন্য নির্বাচন করা হয়েছিল, তা জানতে চাইছেন তদন্তকারীরা। এ ক্ষেত্রে উড়োজাহাজটির সাম্প্রতিক কারিগরি অবস্থা, বিকল্প উড়োজাহাজের ব্যবস্থা এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াও পর্যালোচনা করা হচ্ছে।

এ ছাড়া নারিতা বিমানবন্দরে ত্রুটি সমাধানে প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা সময় লাগার কারণও তদন্তের আওতায় রয়েছে। তদন্তসংশ্লিষ্টদের মতে, সমস্যাটি তুলনামূলক কম সময়ে সমাধানের সুযোগ থাকলেও বিমানের নিজস্ব প্রকৌশলী ও নিয়মিত ফ্লাইট পরিচালনার ব্যবস্থা না থাকায় স্থানীয় গ্রাউন্ড সার্ভিস এজেন্সির ওপর নির্ভর করতে হয়েছে। এ ক্ষেত্রে ঢাকার মেইনটেন্যান্স কন্ট্রোল সেন্টারের সঙ্গে যোগাযোগ, কারিগরি নির্দেশনা ও প্রয়োজনীয় যন্ত্রাংশ সরবরাহে কোনো সমন্বয়হীনতা ছিল কি না, তা যাচাই করা হচ্ছে।

এ ঘটনায় বিমানের প্রকৌশল বিভাগের পরিচালককে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে বলে তদন্তসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। নির্ধারিত চার কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার কথা থাকলেও তদন্তের প্রয়োজনে সময় বাড়ানো হয়। তদন্ত কমিটির সদস্যরা সংশ্লিষ্ট প্রকৌশলী, নারিতা স্টেশনের কর্মকর্তা এবং বিমানের মেইনটেন্যান্স কন্ট্রোল সেন্টারের কর্মকর্তাদের বক্তব্যও নিয়েছেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক শাহনূর আহমেদ জানিয়েছেন, যান্ত্রিক ত্রুটির বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত কমিটির চূড়ান্ত প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে বিস্তারিত তথ্য গণমাধ্যমকে জানানো হবে।

উল্লেখ্য, ২৯ অক্টোবরের ফ্লাইটটি ছিল ঢাকা-নারিতা রুটে বিমানের নতুন করে চালু করা অতিরিক্ত বৃহস্পতিবারের ফ্লাইট। এর আগে এ রুটে সপ্তাহে এক দিন ফ্লাইট পরিচালনা করা হতো। নতুন সূচি অনুযায়ী সপ্তাহে দুই দিন, সোমবার ও বৃহস্পতিবার ফ্লাইট পরিচালনার পরিকল্পনা ছিল।

এর আগে ২০১৬ সালের ২৭ নভেম্বর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বিমানের একটি উড়োজাহাজ হাঙ্গেরি যাওয়ার পথে ইঞ্জিনের তেলচাপজনিত সমস্যায় তুর্কমেনিস্তানে জরুরি অবতরণ করেছিল। পরে তদন্তে ইঞ্জিনের লুব্রিকেশন ব্যবস্থায় একটি নাট ঢিলা থাকার কারণে তেল বেরিয়ে যাওয়ার তথ্য পাওয়া যায়। ওই ঘটনাতেও বিমানের একাধিক কর্মকর্তা ও কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছিল।

source: The Dhaka Diary

Leave a Reply

Back to top button